২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে আসছেন বঙ্গবন্ধু

মঞ্চে আসছেন বঙ্গবন্ধু। তার আত্মজৈবনিক দুটি গ্রন্থ থেকে নাটক নির্মাণ করছে লোক নাট্যদল। শুধু তাই নয়, ১৯৭১ এর চুকনগর গণহত্যা নিয়েও নতুন নাটক নির্মাণে মহড়া শুরু করেছে দলটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 07:55 PM

Updated : 11 Apr 2022, 11:46 PM

দুটি নাটক নিয়ে মঞ্চে আসছে লোক নাট্যদল। ‘অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা’ এবং ‘রাজকুমারী সুন্দরীবালা’ শীর্ষক নাটক দুটিই দেশাত্মবোধ জাগ্রত করবে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থ দু’টিকে উপজীব্য করে নির্মিত হচ্ছে নাটক ‘অসমাপ্ত আত্মজীবনী ও সমাপ্ত স্বাধীনতা’। আগামী ৩ মাসের মধ্যে লোক নাট্যদল নাটকটি মঞ্চে আনার লক্ষ্যে মহড়া শুরু করেছে।

জানা যায়, লোক নাট্যদলের প্রায় ৩০জন অভিনয়শিল্পী এই নাটকে অভিনয় করছে। নাটকটির পরিকল্পনা, নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন নাট্যজন লিয়াকত আলী লাকী।

লাকী বলেন, “মৃত্যুর তুচ্ছতা অতিক্রম করে যে মহানায়ক নিজের স্বপ্ন ও সংগ্রামের আলোকে আজ আলোকিত তার সেই আলোতেই আমরা ভবিষ্যতের পথ চিনে নিতে চাই। তিনি আমাদের মুক্তিদাতা। আজকে এবং আগামীদিনের ও তাঁর আদর্শের উত্তরাধিকার বাঙালির সবচেয়ে বড় সম্পদ ও পাথেয়। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু আমৃত্যু যে সংগ্রাম করেছেন, একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যে প্রেরণা যুগিয়েছেন নাটকটিতে তা তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ অবলম্বনে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে সমুন্নত রেখে নাটকটির কাহিনি বিন্যাস করা হয়েছে।

অন্যদিকে, ‘রাজকুমারী সুন্দরীবালা’ নাটকটি নির্মিত হচ্ছে ১৯৭১ সালের চুকনগর গণহত্যাকে কেন্দ্র করে। এ নাটকটিও তিনমাসের মধ্যে মঞ্চে আনার লক্ষ্যে মহড়া শুরু করেছে লোক নাট্যদল।