২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরী’ ছবির পোস্টারে এ কোন আনুশকা?

সর্বশেষ নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’য়ের ব্যানারে নির্মিত ‘ফিল্লোরি’তে একটি ভূতের চরিত্রে দেখা গেছে আনুশকা শর্মাকে। এবারে নতুন ছবি ‘পরী’তেও তাকে দেখা গেলো ভৌতিক চেহারায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 09:15 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

মুখ ভর্তি আঁচিল আর কালো ছোপ ছোপ দাগওয়ালা চেহারায় আনুশকাকে দেখে চমকে উঠতে পারেন অনেকেই। ছবির নাম ‘পরী’ হলেও পোস্টারে কোনো অনিন্দ্যসুন্দরী পরীর দেখা মিলবে না। বরং ভূতুড়ে ও উদ্ভ্রান্ত চেহারায় আনুশকাকে দেখে ভয়ে কেঁপে উঠবেন সবাই!

সম্প্রতি টুইটারে এ ছবির প্রখম পোস্টার প্রকাশ করেছেন আনুশকা। সঙ্গে লিখেছেন, “পরী’র প্রথম পোস্টার। শিগগিরি শুটিং শুরু হতে যাচ্ছে।” পোস্টারেও অবশ্য কালো হরফে লেখা আছে সে কথাই। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এ ছবিতে আনুশকার বিপরীতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।

নতুন ছবি প্রসঙ্গে এক সাক্ষাতকারে আনুশকা বলেন, “ক্লিন স্লেট ফিল্মস’ বরাবরই ভালো কাজের সঙ্গে আছে। ‘পরী’র চিত্রনাট্য পড়েই আমি মুগ্ধ হয়েছি। আশা করি দর্শককে ভালো কিছু উপহার দিতে পারবো।” বিদ্যা বালনের বিপরীতে ‘কাহানি’ সিনেমা করে বলিউডে নাম লেখানো পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “পরী’র চিত্রনাট্য অসম্ভব সুন্দর আর আনুশকা শর্মার সঙ্গেও প্রখম কাজ করছি। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।”

বরাবরের মতই নতুন ছবির বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন আনুশকা। সামনেই আসছে শাহরুখ খানের বিপরীতে আনুশকার নতুন সিনেমা ‘হোয়েন হ্যারি মেট সেজাল’। এছাড়াও শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আনন্দ এল. রাই’য়ের নতুন ছবিতে দেখা যাবে তাকে।