২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দি ছবির দর্শকদের জন্যই বাহুবলী হিট হয়েছে : সালমান

‘বাহুবলী টু’য়ের সাফল্যকে বরাবরই ইতিবাচকভাবেই দেখেছে বলিউড তারকারা। তেলুগু ছবি হয়েও বলিউডকে ছাড়িয়ে যাওয়া এ সিনেমা নিয়ে এবারে প্রখমবারের মতো মন্তব্য করলেন ‘সুলতান’ তারকা!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 08:37 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

মুক্তির পরপরই হাজার কোটি রুপি ব্যবসা করা প্রথম ভারতীয় ছবি হিসেবে এরই মধ্যে রেকর্ড গড়েছেন এস.এস. রাজামৌলি’র ‘বাহুবলী টু’। মুক্তির আগে থেকেই ভারত জুড়ে চলেছে ‘বাহুবলী টু’ বন্দনা! তবে সালমান খানের মতে ‘বাহুবলী’র এই সাফল্যের পেছনে রয়েছে হিন্দি ছবির দর্শকদের বড় ভূমিকা।

সম্প্রতি ডিএনএ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে সালমান বলেন, “হিন্দি ছবির দর্শকদের গ্রহণযোগ্যতার জন্যই ‘বাহুবলী’ হিট হয়েছে। তারা একটি তামিল ছবিকে ব্লকবাস্টার হিট বানিয়ে ফেলেছে। হাতে গোনা দু’একজন বাদে দক্ষিণের বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীদেরই বলিউড দর্শকরা চেনে না। তারপরও তারা তাদের ছবি দেখে। দক্ষিণী দর্শকরা তাদের অভিনেতা-অভিনেত্রীদের প্রতি খুবই বিশ্বস্ত। তারা সব বলিউড অভিনেতা-অভিনেত্রীদের চেনেন তবুও সেখানে সালমান খান কিংবা শাহরুখ খানের সিনেমা কখনো এরকম হিট হবে না।”

সালমান আরও বলেন, “দক্ষিণী দর্শকরা তাদের প্রিয় তারকাদের বাইরে অন্যদের ছবি দেখে না। যেমন যে রজনীকান্তের ভক্ত সে কমল হাসানের সিনেমা দেখবে না! কিন্তু হিন্দি ছবির দর্শকদের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না।”

সামনেই মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি ‘টিউবলাউট’। কবির খানের পরিচালনায় ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পটভূমিতে নির্মিত এ ছবিটি মুক্তি পাচ্ছে ২৫ জুন।