ইউটিউবে প্রকাশিত ‘মুমিন হতে চাই’
প্রথমবারের মতো একসঙ্গে গানে কন্ঠ দিলেন আসিফ আকবর, বালাম এবং ইমরান। আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক গানটির ভিডিওতে দেখানো হয়েছে।
‘মুমিন হতে চাই’ শিরোনামে একটি ইসলামিক গানের কন্ঠ দিয়েছেন সংগীত জগতের পরিচিত তিন মুখ আসিফ,বালাম ও ইমরান। ইতিমধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে বেশ।
‘আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই / দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই’- এমন কথার গানটি লিখেছেন গোলাম কবীর রনী। গানটির সুরকার এবং সংগীত পরিচালক মীর মাসুম। গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক (প্রেক্ষাগৃহ)।
গানটি নিয়ে আসিফ আকবর বলেন, “প্রথমবারের মতো একটি ইসলামিক গান গাইলাম। আমার সঙ্গে আছে বালাম ও ইমরান। মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই গানটি মানুষকে সৃষ্টিকর্তার অপার মহিমার কথা মনে করিয়ে দেবে। আল্লাহর আনুগত্য প্রকাশ এবং তার মহিমার বিভিন্ন দিক গানটির ভিডিওতে দেখানো হয়েছে। আশা করছি গানটি সবার হৃদয়কে নাড়া দেবে।”
রোববার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এবং প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে অবমুক্ত করা হয় ‘মুমিন হতে চাই’।
