সিডনি পেরিয়ে এবার ঢাকায় ডিজে সায়েম
অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় শিল্পী ডিজে সায়েম। সিডনিতে বেশ জনপ্রিয়তা অর্জন করলেও এতদিন এইদেশে কোনো গান মুক্তি পায়নি তার। এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শিল্পীর নতুন গানের ভিডিও ।
বাংলাদেশে মুক্তি পাচ্ছে শিল্পী ডিজে সায়েমের নতুন গান। শুধু গান নয় সঙ্গে রয়েছে আন্তর্জাতিক মানের ভিডিও। গানটিতে ডিজে সায়েমের অনবদ্য র্যাপ অংশের বাইরে কণ্ঠশিল্পী হিসেবে আছেন অ্যাছেস খান। গানটির কথা-সুর যৌথভাবে দু’জনেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন ডিজে সায়েম নিজেই।
অস্ট্রেলিয়ার নির্মাণ প্রতিষ্ঠান সিনেফেক্ট এন্টারটেইনমেন্ট ও কারিগরি প্রতিষ্ঠান স্ট্যাশ মোশনের সহায়তায় গানের ভিডিওটি তৈরি করেছেন অ্যানি সাবরিন ও ডিজে সায়েম। যেখানে দুই কণ্ঠশিল্পীর সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়ার এক ডজন মডেল। আর এই বিশেষ ভিডিওটি ১১ জুন প্রকাশ পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
এদিকে গানের অন্য শিল্পী অ্যাছেস খান বলেন, “আমরা একসঙ্গে আগেও গান করেছি। তবে এবারের গানটি সবচেয়ে স্পেশাল। আশা করছি বাংলাদেশের শ্রোতারা আমাদের গানটি ভালোবাসবেন, যেমনি বাসছেন সিডনির শ্রোতা-দর্শকরা।”
