ঈদ অনুষ্ঠানে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’
ঈদ উপলক্ষ্যে এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’।
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গত ৩১ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিলো ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’। তৃতীয়বারের মতো ঢাকার দর্শকদের মন মাতিয়ে ফিরে গিয়েছিলেন বলিউডের এ সুকণ্ঠি। এবার সেই আয়োজনে গাওয়া গানগুলো থেকে ঈদ উপলক্ষ্যে এটিএন বাংলা প্রচার করতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট’।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। বাংলা ও হিন্দি মিলিয়ে ভারতীয় চলচ্চিত্রের মোট ১০টি গান নিয়ে তৈরি এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে-প্রিয়দর্শন পরিচালিত ‘ভুলভুলাইয়া’ ছবির ‘আমি যে তোমার’, সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘দেবদাস’ ছবির ‘ডোলারে ডোলারে’ ও ‘সিলসিলা এ চাহাত’, যশ চোপড়া পরিচালিত ‘যব তক হ্যায় জান’ ছবির ‘শ্বাস মে তেরি’, মহেশ ভাট পরিচালিত ‘জিসম’ ছবির ‘নেশা হ্যায়’, মিলান লুথারিয়া পরিচালিত ‘দ্য ডার্টি পিকচার’ ছবির ‘উলাল্লা উলাল্লা’, করণ মালহোত্রা পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির ‘চিকনি চামেলি’, অজয় দেবগন পরিচালিত ‘শিবায়’ ছবির ‘তুহি আজা’, রাজ কোশলা পরিচালিত ‘ও কোউন থি’ ছবির লতা মুঙ্গেশকরের গাওয়া ‘লাগ যা গলে’ এবং রবীন্দ্রসংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।
মুকাদ্দেম বাবুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন, রাত ১০টা ৪০মিনিটে এটিএন বাংলায়।
