আসছে ‘আমাকে জড়িয়ে রাখো’
ঈদুল ফিতর উপলক্ষ্যে লেজার ভিশন প্রকাশ করছে রাকিব মোসাব্বিরের নতুন একক অ্যালবাম ‘আমাকে জড়িয়ে রাখো’।
রোমান্টিক কিন্তু কিছুটা ভিন্ন ধাঁচের গান উপহার দিতেই আবারো শ্রোতাদের জন্য নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন কন্ঠশিল্পী রাকিব মোসাব্বির। এটি শিল্পীর কেরিয়ারের ১১ তম একক অ্যালবাম।
অ্যালবাম প্রসঙ্গে গ্লিটজকে রাকিব মোসাব্বির বলেন, “আমি সবসময় কিছুটা সময় নিয়ে কাজ করতে চেষ্টা করি। কারণ গানের মাধ্যমে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য। আর এই অ্যালবামটিও তার ব্যতিক্রম নয়।”
তিনি আরো বলেন, “২০১২ সালে আমার এই অ্যালবামের গীতিকার রিজভী ভাইয়ের সঙ্গে পরিচয় হয়। এরপরে আমার ৫ম একক অ্যালবাম ‘সুখ পাখি’তে তার দুটো লেখা গান প্রকাশিত হয়। তারপর থেকেই তার লেখায় আমার পুরো একটি অ্যালবাম প্রকাশের ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিলো। অবশেষে তা সম্ভব হলো। আমার বিশ্বাস অ্যালবামে থাকা গানগুলো শ্রোতাদের হৃদয়ে দোলা দিবে।”
‘আমাকে জড়িয়ে রাখো’ অ্যালবামটিতে গান রয়েছে মাত্র তিনটি। গানগুলো হচ্ছে- ‘আমাকে জড়িয়ে রাখো’, ‘তুমি এসেছিলে’ ও ‘বৃষ্টি’। অ্যালবামের সবগুলো গান লিখেছেন রেজাউর রহমান রিজভী। আর অ্যালবামের গানগুলোতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন রাকিব নিজেই।
অ্যালবামের তিনটি গানের মধ্যে ‘তুমি এসেছিলে’ গানের মিউজিক ভিডিও ইতিমধ্যে নির্মিত হয়েছে। বাকি দুটি গানেরও মিউজিক ভিডিও শীঘ্রই নির্মাণ করা হবে বলেও গ্লিটজকে জানিয়েছেন রাকিব।
