২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার জন্য সিনেমা প্রযোজনা করবেন রণবীর!

অনুরাগ বসুর নতুন ছবি ‘জাগ্গা জাসুস’য়ে একসঙ্গে দেখা যাবে সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে। শুরু থেকেই তাই এ ছবিকে ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। এবারে সাবেক প্রেমিকাকে নিয়ে ছবি প্রযোজনার ঘোষণা দিলেন রণবীর কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2017, 09:16 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

ক’দিন আগেই ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে জমজমাট পর্দা রসায়ন দেখিয়েছেন রণবীর। এবারে সাবেক প্রেমিকা ক্যাটরিনার বিপরীতে কতটা সাবলীল দেখা যাবে তাকে, সেটাই দেখার অপেক্ষায় দর্শক। বাস্তবের প্রেম ভেঙে গেলেও পর্দায় এখনো সবার প্রিয় জুটি রণবীর-ক্যাটরিনা। আর সে কথা মাথায় রেখেই হয়ত ক্যাটরিনাকে নিয়ে ছবি বানানোর কথা বললেন রণবীর।

সম্প্রতি ‘জাগ্গা জাসুস’ ছবির উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছেন ক্যাট ও রণবীর। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রণবীর বলেন, “ক্যাটরিনার সিনেমা মানেই সুপারহিট। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছে সে। ভবিষ্যতে আমি যদি সিনেমা প্রযোজনা করি তবে অবশ্যই ক্যাটরিনার জন্য একটা ছবি বানাবো।”

রণবীরের এ কথা শুনে উত্তরে ক্যাট শুধু বলেন, “অনেক ধন্যবাদ।”

১৪ জুন মুক্তি পেতে চলেছে ‘জাগ্গা জাসুস’। এছাড়াও সামনেই সঞ্জয় দত্ত’র বায়োপিকে দেখা যাবে রণবীরকে। ক্যাটরিনা এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন আমির খানের বিপরীতে ‘ঠগস অব হিন্দোস্তান’ ছবির কাজে।