২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিম্পল কাপাডিয়া পা রাখলেন ৬০-এ

সত্তর দশকের জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার বিপরীতে ‘ববি’ ছবির মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন ডিম্পল কাপাডিয়া। অভিষেক ছবিতেই মন জয় করে নেন দর্শকের। ৮ জুন ৬০ বছরে পা রাখলেন ভারতের অন্যতম আকর্ষণীয় এ অভিনেত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 10:03 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

অভিষেক ছবি ‘ববি’র (১৯৭৩) জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন ডিম্পল কাপাডিয়া। সে বছরই রাজেশ খান্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে এলেও পরবর্তীতে ‘সাগর’, ‘লেকিন’, ‘ফির কাভি’, ‘ইনসাফ’ সহ ৬৯টি ছবিতে অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী। সেই সঙ্গে পান ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার সহ আরও অনেক পুরস্কার।

সম্প্রতি টুইটারে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন তার মেয়ে টুইঙ্কল খান্না। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন পৃথিবীর সেরা সুন্দরী নারীকে যিনি ভেতরে ও বাইরে সমান সুন্দর!”

ছবিতে কমলা রঙের জমকালো পোশাকে চমৎকার মানিয়েছে ডিম্পলকে! বয়স ৬০-এর ঘর ছুঁলেও আজও দর্শকের কাছে ‘সুইট সিক্সটিন’ই রয়ে গেছেন ভারতীয় সিনেমার অন্যতম আবেদনময়ী এ অভিনেত্রী!