শাকিব-বুবলি এখন কোথায়?
বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলি। বুধবার রাতে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ঢালিউডের এই আলোচিত জুটি।
ঈদুল ফিতরের মুক্তি সম্ভাব্য সিনেমার তালিকায় থাকা ‘রংবাজ’ সিনেমার নাম ইতিমধ্যে সিনেপাড়ায় বেশ আগ্রহের জন্ম দিয়েছে। কারণ সিনেমার দৃশ্যধারণের শুরু থেকে সিনেমাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন।
বর্তমানে ‘রংবাজ’ সিনেমার বাংলাদেশে দৃশ্যধারণের কাজ শেষে ইতালিতে অবস্থান করছেন এই সিনেমার কলাকুশরীরা। যা বাংলাদেশ ছাড়ার আগেই বুধবার রাতে গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান।
তিনি বলেন,“ইতালির কয়েকটি লোকেশনে সিনেমার গানের দৃশ্যধারণের কাজ করা হবে। আজ রাতেই চলে যাচ্ছি।”
আর এ প্রসঙ্গে সিনেমার বর্তমান নির্মাতা আবদুল মান্নান বলেন, “বাংলাদেশেই সিনেমার সিংহভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এখন শুধু সিনেমার গানের দৃশ্যধারণের কাজগুলো বাকী রয়েছে। এগুলো ইতালির পাশাপাশি সুইজারল্যান্ডেও করার সম্ভাবনা রয়েছে।”
গত মে মাস থেকে পাবনায় ‘রংবাজ’ সিনেমার দৃশ্যধারনে টানা ব্যস্ত ছিলেন শাকিব-বুবলি জুটি। এবার বিদেশেও একইসঙ্গে পাড়ি জমালেন সিনেমার গানের দৃশ্যধারণের জন্য ।
‘রংবাজ’ সিনেমাটি র্নিমাতা শামীম আহমেদ রনী নির্মাণ শুরু করলেও বর্তমানে এই সিনেমা নির্মাণ করছেন আবদুল মান্নান। কারণ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির গঠনতন্ত্রের পরিপন্থী কাজের কারণে সমিতির সদস্যপদ হারিয়েছেন ‘বসগিরি’খ্যাত নির্মাতা রনী।
ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত মুক্তি সম্ভাব্য সিনেমাগুলোর মধ্যে ‘নবাব’, ‘রাজনীতি’, ‘অহংকার’ ও ‘রংবাজ’-য়ের নাম এরইমধ্যে সিনেপাড়ায় বেশ জোরেসোরে শোনা যাচ্ছে। এগুলোর মধ্যে ‘অহংকার’ ও ‘রংবাজ’ সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। আর শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে ‘নবাব’ ও অপু বিশ্বাসের সঙ্গে ‘রাজনীতি’ সিনেমায় জুটি বেঁধেছেন তিনি।
