আসছে ‘সুইসাইড স্কোয়াড টু’
সুপারহিট ডিসি কমিক্স মুভি ‘সুইসাইড স্কোয়াড’-এর দ্বিতীয় পর্ব আসছে। ২০১৮ তে শুরু হবে সিনেমাটির কাজ।
বক্স অফিসে ডিসি কমিক্সের সুপারভিলেইনদের নিয়ে তৈরি সিনেমা দারুণ ব্যবসা করলেও সমালোচকদের মন জিততে পারেনি। কিন্তু উইল স্মিথ, জ্যারেড লেটো, মার্গট রবিদের দলকে আরও একবার পর্দায় দেখার অপেক্ষায় দীর্ঘদিন ধরেই আছে ভক্তকুল। এবার তাদের জন্য সুসংবাদটি নিয়ে এলেন সিনেমাটির অভিনেতা জোয়েল কিনম্যান।
তিনি বলেছেন, “আমি যতদূর জানি, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০১৮ সালে। তবে এই সময় বদলাতেও পারে। আমি অবশ্যই ফিরে আসবো এই পর্বে।”
জোয়েল সিনেমাটিতে অভিনয় করছেন রিক ফ্ল্যাগ-এর বিপরীতে। তিনি চান আগের সিনেমার নির্মাতা ডেভিড আয়ার এই সিনেমাটিও পরিচালনায় থাকেন। কিন্তু আয়ার এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ডিসির আরেকটি সিরিজ ‘গথাম সিটি’র জন্য। এই সিরিজে মার্গট রবিকে দেখা যাবে হার্লি কুইনের চরিত্রে।
জোয়ের এই ব্যাপারে বলেন, “আমি চাইবো ডেভিড আয়ার এটি পরিচালনা করুন। তবে তিনি যদি না চান, তাহলে এমন কেউ আসুক যে চরিত্রগুলোকে ভালোভাবে বুঝতে পারবেন। তাহলেই এই পাগলাটে চরিত্রগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন। এরা স্বাভাবিক মানুষদের সঙ্গে কীভাবে ব্যবহার করে, সেটা দেখা বেশ মজার হবে।”
