গানের মানে খোঁজা অর্থহীন : বব ডিলান
অবশেষে পুরস্কার ঘোষণার প্রায় সাত মাস পর নিজের নোবেলপ্রাপ্তির বক্তৃতাটি দিলেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান। বললেন, সাহিত্যের মতো গানের ব্যাখ্যা খুঁজতে যাওয়া অর্থহীন।
রয়টার্স বলছে, ২০১৬’র সাহিত্যে নোবেল অর্জন করা এই শিল্পী তার পুরস্কারের অর্থ (নয় লাখ ডলার) থেকে বঞ্চিত হতেন, যদিনা তিনি ১০ জুনের আগে এই বক্তৃতা না দিতেন। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে সুইডিশ একাডেমিতে বক্তৃতা দেন ডিলান, একাডেমির সভাপতি সারা দানিউস যাকে ‘অসাধারণ এবং সপ্রতিভ’ বলে উল্লেখ করেছেন।
ডিলান বলেন, “আমাদের গানগুলো কেবল জীবিতদের মাঝেই প্রাণ পায়। তবে গান সাহিত্যের মতো নয়। গান গাইতে হয়, এটি পড়ার জিনিস নয়।”
তিনি আরও বলেন, “একটি গান যদি আপনার মনে দোলা দিয়ে যায়, তবে সেটিই গুরুত্বপূর্ণ। গানের মানে খুঁজতে যাওয়া অর্থহীন। আমার গানে আমি সবধরণের কথা লিখেছি। আর এসব কথার মানে কী- এ নিয়ে আমি কখনোই ভাবিত হইনি।”
বক্তৃতায় তিনি তুলে ধরেন তার জীবনে বাডি হলি’র প্রভাবের কথা; যার গান শুনেই কৈশরে সংগীতের প্রতি আকর্ষিত হয়েছিলেন তিনি। উল্লেখ করেন নিজের প্রিয় তিন বই- হোমারের ‘ওডিসি’, হারম্যান মেলভিলের ‘মবিডিক’ এবং এরিক মারিয়া রেমার্কে’র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর কথা। এই তিনটি বই তাকে নানাভাবে প্রভাবিত করেছে ।
ইতিহাসের প্রথম গীতিকবি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় বব ডিলানকে। পুরস্কার ঘোষণার পর দীর্ঘদিন এব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি ডিলান, এমনকী ডিসেম্বরে অনুষ্ঠিত পুরস্কার প্রদানের আসরে হাজিরও হননি তিনি। পরবর্তীতে চলতি বছরে অত্যন্ত গোপনীয়তায় সুইডিশ একাডেমিতে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
