২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে শুভর ‘অত:পর’

মুক্তির অপেক্ষায় ডি-রকস্টার শুভর বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘অত:পর’। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই মুক্তি পাচ্ছে অ্যালবামটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 06:13 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

সংগীতে উচ্চশিক্ষা নিতে সিডনিতে পাড়ি জমিয়েছিলেন শুভ। অতি সম্প্রতি দেশে ফিরেই তিনি আবার পুরোদমে পারফর্ম করা শুরু করেছেন। তারমধ্যেই নিয়ে এলেন নতুন খবর। শ্রোতাদের জন্য বাজারে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘অত:পর’।

আসছে জুলাইয়ে জিপি মিউজিক প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অত:পর’ মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি, জুলাইয়ের শেষের দিকে পুরো অ্যালবাম উদ্বোধনের পরপরই ‘অতঃপর’-এর মিউজিক ভিডিও ও ‘রকুমেন্টারি’ উপভোগ করতে পারবেন শ্রোতারা । রকুমেন্টারিতে থাকছে এই রকস্টারের সংগীত-যাত্রার গল্প।

মিউজিক ভিডিও ও রকুমেন্টারি পরিচালনা ও নির্মাণ করেছে ফ্লাইবোটস স্টুডিওস। ‘অতঃপর’ গানটি লিখেছেন মেহেদী আনসারি ও এর সংগীত আয়োজন করেছেন শাকের রেজা। অল্টারনেটিভ মেলোরক ধাঁচের এ গানের মিউজিক ভিডিওটিতে শুভ’র পাশাপাশি থাকছেন স্পর্শিয়া, হামজা ও সৌর।

অ্যালবামটির বিভিন্ন গানের সংগীতায়োজন ও কথায় রয়েছেন শাকের রেজা, রাফা, ফুয়াদ আল মুক্তাদির, আমজাদ, মেহেদী আনসারি, শাহান কবন্ধ, তুষার, মীর মাসুম, শাওন গানওয়ালা এবং পলাশ নূর।

চলতি বছরের জুলাইয়ে জিপি মিউজিকে টাইটেল ট্র্যাকসহ পুরো অ্যালবামটি মুক্তি পাচ্ছে । আর জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে।

২০০৬ সালে ডি-রকস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শুভকে। রক সংগীত নিয়ে সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে দেশের রক সংগীতাঙ্গনে এক স্বকীয় অবস্থান গড়ে নিয়েছেন তিনি। ২০০৮ সাল থেকেই পারফর্ম করছেন ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের মূল গায়ক হিসেবে।