২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকায় আসছেন না জিৎ

সম্প্রতি সিনেপাড়া ও গণমাধ্যমে সোমবার টালিউডের সুপারস্টার জিৎ ঢাকায় আসছেন, এ খবর চাউর হলেও সোমবার তিনি ঢাকায় আসছেন না। রবিবার বিকেলে গ্লিটজকে এই তথ্য নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহি আলিমুল্লাহ খোকন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 05:55 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

ঈদুল ফিতরে মুক্তি সম্ভাব্য সিনেমার তালিকায় রয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘বস-২’। সিনেমার প্রচারণার অংশ হিসেবেই সোমবার ঢাকার আসার সিদ্ধান্ত নিয়েছিলেন জিৎ। সেই কারণেই এদিন সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিলো তার। কিন্তু শেষ মুর্হূতে সিদ্ধান্ত বদলেছেন জিৎ।

এ প্রসঙ্গে গ্লিটজকে আলিমুল্লাহ খোকন বলেন,“ অনিবার্য কারণবশত সোমবারে জিতের ঢাকা সফর বাতিল হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তার ঢাকা সফরের নতুন তারিখ গণমাধ্যমে জানানো হবে।”

‘বস ২’সিনেমায় কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

সম্প্রতি ইউটিউবে সিনেমার ট্রেইলার এবং ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান প্রকাশ পায়। এ গানটি প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। গানটিকে ঘিরে জাজ মাল্টিমিডিয়ায় উকিল নোটিশও পাঠায় দুই আইনজীবি। অবশেষে জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। যদিও গানটি এখনও জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

‘বস ২’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

ছবি: তানজিল আহমেদ জনি