২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আহত ভক্তদের পাশে আরিয়ানা

কিছুদিন আগেই তার কনসার্ট দেখতে এসে লাশ হয়ে ফিরে গেছে ২২ জন। কিন্তু সেই বিভীষিকাময় ঘটনায় দমে না গিয়ে ফের ম্যানচেস্টারে কনসার্টের জন্য এসে পৌঁছেছেন মার্কিন শিল্পী আরিয়ানা গ্রান্ডে। রোববারের কনসার্টের আগে শনিবার নর্দান ইংলিশ সিটি হাসপাতালে তিনি দেখা করলেন আহত ভক্তদের সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 05:46 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

৪ জুন ম্যানচেস্টারে কেটি পেরি, জাস্টিন বিবার, মাইলি সাইরাস ও কোল্ডপ্লে’র মতো বড় বড় তারকা ও ব্যান্ড নিয়ে ‘ওয়ান লাভ’শীর্ষক কনসার্টে অংশ নিচ্ছেন আরিয়ানা- এখবর জানা ছিল আগে থেকেই। তবে তার আগে যুক্তরাজ্যে পা দিয়েই তিনি যে হাসপাতালে ছুটে যাবেন আহত ভক্তদের সঙ্গে দেখা করার জন্য এই খবর জানা ছিল না কারো। আর তাই ভক্তদের জন্য আরিয়ানার এই ঝটিকা-সফর বড় চমক হয়েই এসেছে- এমনটাই বলছে রয়টার্স।

হাসপাতালে থাকা কমবয়সী ভক্তদের জন্য উপহারও নিয়ে এসেছিলেন আরিয়ানা। ঘুরে ঘুর সবার সঙ্গে দেখা করার পাশাপাশি বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে গল্পও করেন তিনি।

আরিয়ানার ভক্ত দশ বছর বয়সী বালিকা জেইডেন ফ্যারেল-মান, হামলায় যার দুটি পা ভেঙে গেছে- এই ঘটনায় দারুণ উল্লসিত। তার মা ম্যারন বলেন, “জেইডেন বসে বসে টিভি দেখছিল, এমন সময় আরিয়ানা আসেন। তার জন্য এটা অনেক বড় চমক ছিল!”

একই অভিজ্ঞতা হয়েছে অ্যাডাম হ্যারিসন নামের এক ব্যক্তির কন্যা লিলিরও। আরিয়ানার সঙ্গে দেখা হওয়ার পর থেকে লিলির নিজেকেই ‘একজন রকস্টার’ মনে হচ্ছে, বলে বিবিসিকে জানান তিনি।

২২ মে ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে সালমান আবেদি নামের এক যুবকের আত্মঘাতী হামলায় প্রাণ হারান ২২ জন, আহত হন আরও ১১৬ জন। হামলার পরপরই এর দায় স্বীকার করে আইএস।

এদিকে ম্যানচেস্টার হামলার রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে লন্ডনে আরেক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ৭ জন। ম্যানচেস্টারের পর এই লন্ডনেই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল আরিয়ানার। হামলার পর সেই কনসার্ট বাতিল ঘোষণা করেছিলেন তিনি।

টুইটারে এই ঘটনায় শোক প্রকাশ করে তিনি লিখেন, “লন্ডনের জন্য প্রার্থনা করছি।”