২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্ম-জীবনীকে ধর্মেন্দ্রর ‘না’

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বলেছেন, নিজের জীবনীভিত্তিক চলচ্চিত্র তৈরিতে তার আপত্তি আছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 10:24 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

ষাট ও সত্তর দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেতা ধর্মেন্দ্র। ‘বন্দিনী’, ‘সত্যকাম’, ‘শোলে’ সহ অনেক সাড়াজাগানো সিনেমা দিয়ে দর্শকপ্রিয় হয়েছেন তিনি। এ মুহূর্তে বলিউডে চলছে আত্ম-জীবনী নির্মাণের হিড়িক। এ বিষয়ে স্রোতের বিপরীত ধমের্ন্দ্র।

রোমান্টিক, কমেডি কিংবা অ্যাকশন- সব ধরনের ছবিতেই সমান সাবলীল ছিলেন ধর্মেন্দ্র। ‘ফুল অউর পাত্থর’, ‘মেরা দেশ মেরা গাও’, ‘চুপকে চুপকে’ ‘আলি বাবা অর ৪০ চোর’, ‘ড্রিম গার্ল’ সহ প্রায় শতাধিক ছবিতে অভিনয় করা বলিউডের সোনালি যুগের এই অভিনেতা তার জীবনকে আত্ম-জীবনী লেখার জন্য যথেষ্ঠ উপযুক্ত মনে করেন না!

আইএনএসকে দেওয়া সাক্ষাতকারে ৮১ বছর বয়েসি এই অভিনেতা বলেন, “আমি কখনোই কাউকে আমার জীবনী নির্মাণ করতে দেবো না। এমনকি আমি কখনো আমার আত্ম-জীবনীও লিখবো না। কারণ আমার মনে হয় জীবনী তৈরির মতো যথেষ্ঠ উপযুক্ত আমি নই।”

স্ত্রী থাকা সত্ত্বেও নিজের সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে বিয়ে ছাড়াও জীবনের বিভিন্ন সময়ে নানান ঘটনার কারণে আলোচনায় বারবার উঠে এসেছেন তিনি। ছয় সন্তানের মধ্যে চারজনই হিন্দি সিনেমায় লিখিয়েছেন নাম; তাই হিন্দি সিনেজগতে বরাবরই আলোচিত অভিনেতাদের একজন ছিলেন এই তারকা।

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। সর্বশেষ ধর্মেন্দ্রকে দেখা গেছে ২০১৫ সালের ছবি ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায়। তবে সম্প্রতি ইন্দো-অস্ট্রেলিয়া ভিত্তিক প্রযোজনা সংস্থা ‘ঋষি রাজ ফিল্মস’ ও ‘কিনোপটিকন’য়ের আয়োজনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ড্রিম ক্যাচার’য়ে অভিনয় করেছেন তিনি। প্রযুক্তি কীভাবে আধুনিক সময়ের সম্পর্কগুলোতে প্রভাব ফেলছে তা- নিয়েই নির্মিত হয়েছে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে আরও অভিনয় করেছেন পূজা প্রিয়াঙ্কা ও অস্ট্রেলিয় অভিনেতা ট্রাভিস জেফরি।