২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঠগস অব হিন্দোস্তান’য়ের আয়ের ৭০ শতাংশ পাবেন আমির?

সর্বোচ্চ আয়ের ভারতীয় সিনেমা হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। বক্স অফিসে আঠারশ রুপির উপরে আয় করা এ ছবির লাভের প্রায় ৩৩ শতাংশ ঘরে তুলেছেন আমির। এবারে নতুন ছবি ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের আয়ের ৭০ শতাংশ দাবি করেছেন মিস্টার পারফেকশনিস্ট!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 09:54 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

প্রথমবারের মতো ‘ঠগস অব হিন্দোস্তান’ ছবির মাধ্যমে এক পর্দায় দেখা যাবে আমির খান ও অমিতাভ বচ্চনকে। এছাড়া আমির-ক্যাটরিনা জুটির দ্বিতীয় সিনেমা ও ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের উপস্থিতির কারণে এ মুহূর্তে দর্শক-আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বিজয় কৃষ্ণ আচার্য’র নির্মিতব্য সিনেমা ‘ঠগস অব হিন্দোস্তান’।

ডিএনএ’র প্রতিবেদন বলছে, ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের লভ্যাংশের ৭০ শতাংশ ঘরে তুলতে যাচ্ছেন আমির খান। বেশ ক’বছর ধরেই আমির খানের ছবি মানেই সুপার-হিট আর বরাবরই পারিশ্রমিকের বাইরে ছবির লভ্যাংশের একটি অংশ ঘরে তুলে থাকেন এ অভিনেতা। সর্বশেষ ছবি ‘দঙ্গল’য়ের আয়ের ৩৩ শতাংশও গেছে আমিরের পকেটে। সেই ধারবাহিকতায় এবারে ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের জন্য এ বিপুল পরিমাণ লভ্যাংশ দাবি করেছেন এ তারকা!

‘ঠগস অব হিন্দোস্তান’য়ের এর বাণিজ্য বিভাগের একটি সূত্র বলছে, “প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে এরই মধ্যে এ বিষয়ে কথা হয়েছে আমিরের। এ প্রস্তাবে আপত্তি করেননি তিনি।”

এরই মধ্যে শুরু হয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’য়ের দৃশ্যধারণের কাজ। ২০১৮ এর দিওয়ালিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।