ধর্ষিতা নারীর উপাখ্যান ‘আলো আসুক’
ধর্ষণের গ্লানি থেকে থেকে বাঁচতে আত্মহননই যখন হয়ে ওঠে নারীর একমাত্র পথ, তখন বিচারহীনতার এই সমাজে নারীদের স্থান কোথায়- এই প্রশ্নকে উপজীব্য করেই তৈরি হয়েছে নাটক ‘আলো আসুক’।
সম্প্রতি ঢাকা এবং এর আশপাশে বেশকিছু ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসে পুরো দেশ। আলোচিত এই ঘনটাগুলোর একটির ছায়া অবলম্বনে নির্মিত হল নাটক 'আলো আসুক'। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও।
নাটকটির মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন এমন প্রশ্নের উত্তরে গ্লিটজে নাট্যকার গোলাম রাব্বানী বলেন, “আসলে কোনো ম্যাসেজ দিতে চাইনি। আমার আগে অনেকেই ধর্ষণের বিরুদ্ধে বহু ম্যাসেজ দিয়ে গেছেন। এতে কি ধর্ষণ কমেছে? কমেনি। আমি বলতে চেয়েছি বিচারহীনতার কারণেই এই ধরনের ব্যাধি সমাজে বাড়ছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে। নারীর প্রতি সম্মান বাড়াতে হবে। শুভচেতনা আর কালচারাল শিক্ষাই পারে এর থেকে মুক্তি দিতে। সে কথাই বলেছি।”
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অশোক বেপারি, শাহরিয়ার ফেরদৌস সজীব, তাহমিনা ক্রিটিকা, সঞ্জয় রাজ প্রমুখ। নির্মাতাসূত্রে জানা যায়, শিগগিরই এনটিভিতে নাটকটি প্রচার হবে।
