২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার ট্রেইলারে জিতের দাপট

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘নবাব’ ও জিৎ অভিনীত 'বস ২'দুটো সিনেমা। প্রচারণার অংশ হিসেবে সিনেমা দুটোর প্রকাশিত ট্রেইলারের মাধ্যমে এরমধ্যেই ইউটিউবে নিজের দাপুটে অবস্থান তৈরি করে নিয়েছেন টালিউডের সুপারস্টার জিৎ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 08:41 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

যৌথ প্রযোজনায় নির্মিত 'বস ২' সিনেমা ট্রেইলার নিজেদের ইউটিউব চ্যানেলে গত ১২ মে প্রকাশ করে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মওয়ার্কস।

অন্যদিকে যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ সিনেমার ট্রেইলার নিজেদের ইউটিউব চ্যানেলে গত ২৫ মে প্রকাশ করে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ ।

ইউটিউবে 'বস ২' ও ‘নবাব’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই তা ঢালিউড ও টালিউডের দুই সুপারস্টারের ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত 'বস ২' সিনেমার ট্রেইলারটি জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ৫ লাখ ৩৭ হাজার ৩৬৭ বার এবং জিতস ফিল্মওয়ার্কসের ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেইনমেন্টে ২৭ লাখ ৮০ হাজার ২৪৭ বার দেখা হয়েছে।

একই সময় পর্যন্ত (শুক্রবার সন্ধ্যা ৬টা) ‘নবাব’ সিনেমার ট্রেইলারটি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ৬ লাখ ৯৭ হাজার ৭৮১ বার এবং জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে  ১৩ লাখ ৩৩ হাজার ২০৫ বার দেখা হয়েছে।

কিন্তু দুই দেশের দর্শকদের কাছে সিনেমার ট্রেইলার দেখার ভিত্তিতে  কে বেশি দাপুটে অবস্থানে রয়েছে?

সেই হিসেব কষলে দেখা যায়, শাকিব খানের চেয়ে এক্ষেত্রে এগিয়ে রয়েছেন জিৎ। কারণ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘নবাব’য়ের ট্রেইলারটি মোট ২০ লাখ ৩০ হাজার ৯৮৬ বার এবং জিৎ অভিনীত 'বস ২' সিনেমার ট্রেইলাটি মোট দেখা হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৬১৪ বার।

‘নবাব’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন বাংলাদেশের শাকিব খান ও কলকাতার শুভশ্রী। ‘নবাব’ সিনেমায় শাকিব-শুভশ্রী জুটির পাশাপাশি  অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ।সিনেমার গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার জয়দেব মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ। সিনেমাটি ঈদুল ফিতরে বাংলাদেশে ও জুলাই মাসে ভারতে মুক্তি পাচ্ছে।

‘বস ২’ সিনেমায় কলকাতার জিতের বিপরীতে অভিনয় করছেন টালিসুন্দরী শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া।  জিৎ, শুভশ্রী গাঙ্গুলী ও নুসরাত ফারিয়া ছাড়াও এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, কৌশিক সেন, সীমান্তসহ অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

সিনেমার ট্রেইলারের যুদ্ধে এরমধ্যেই শাকিব খানের তুলনায় জিতের দাপুটে অবস্থান স্পট ফুটে উঠেছে। তবে ঈদুল ফিতরের বক্সঅফিসে শাকিব নাকি জিৎ কার সিনেমা দাপটের সঙ্গে ব্যবসা করে, এখন শুধু সেই ফলাফল দেখার প্রতীক্ষা।