ভাবনা যখন পদ্মা পারের ‘মায়াবতী’
ঈদ উপলক্ষ্যে অনিমেষ আইচ পরিচালিত ‘মায়াবতী’টেলিছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা।
সম্প্রতি টানা পাঁচদিন মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মার পারে চিত্রায়ন সম্পন্ন হয় টেলিছবি ‘মায়াবতী’র। এতে ভাবনার চরিত্রটিই মুখ্য। তার চরিত্রটিকে ঘিরেই গড়ে উঠেছে গল্পটি।
‘মায়াবতী’ গ্রামের এক ক্ষ্যাপাটে তরুণী। একা একা রাতে হেঁটে বেড়ায় গ্রামে। দল বল নিয়ে ঘুরে বেড়ায় গ্রামের পথে পথে। যেন রবীন্দ্রনাথের ছোটগল্প ‘সমাপ্তী’র সেই মৃন্ময়ী।
কিন্তু ঠিক তেমন নয়, ধীরে ধীরে মায়াবতীর অন্য এক রূপ প্রকাশ হয়ে পড়ে। মায়াবতীর অন্য এক অলৌকিক ক্ষমতা আবিষ্কার করেন তার বাবা। মায়াবতী যা বলে তাই ফলে যায়-এমন উদাহরণও সবার চোখে পড়তে থাকে।
চরিত্রটি মাথায় নিয়ে অনেকদিন ঘুরেছেন ভাবনা। মায়াবতীকে ধারণ করেছেন নিজের মতো করে। এমনটাই জানালেন। বললেন, “বড়বাজেটের এ টেলিছবিটি ধারণ করতে আমরা এমন এক গ্রামে গিয়ে পৌঁছাই যেখানে আগে কখনোই শুটিং হয়নি। বিদ্যুতও পৌঁছায়নি সেখানে। আমার মেক আপ গেট আপ আর অনিমেষের কাণ্ডকারখানা দেখে সত্যিই সেখানকার গ্রাম্য নারীরা আমাকে পীর ভাবতে শুরু করে। অনেকেই এটা সেটা দিয়ে যাচ্ছিলেন। দোয়া চাইছিলেন।”
নাটকটি রচনা করেছেন অনিমেষ নিজেই। নাটকে ভাবনা ছাড়াও অভিনয় করেছেন, অভিনেতা রওনক হাসান, মামুনুর রশীদ এবং স্থানীয় শতাধিক গ্রামবাসী। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
