২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপু ও শুভশ্রীর লড়াই কি জমবে?

ঈদুল ফিতরের সিনেমাকে ঘিরে বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছেন ঢালিউডের সুপারস্টার অপু বিশ্বাস ও টালিগঞ্জের তারকা শুভশ্রী গাঙ্গুলী। যা নিয়ে সিনেপাড়ায় এরইমধ্যে  শুরু হয়েছে  আলোচনা।

গ্লিটজ প্রতিবেদক

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 05:47 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

ঈদে মুক্তি পাচ্ছে দেশীয় প্রযোজনায় নির্মিত সিনেমা ‘রাজনীতি’। দীর্ঘ বিরতির পরে আড়াল ভেঙে এই সিনেমার মাধ্যমে আবারো ঢালিউডের দর্শকের সামনে উপস্থিত হতে যাচ্ছেন অপু বিশ্বাস। যেখানে থাকছেন তার অভিনয় কেরিয়ারের দীর্ঘদিনের সহকর্মী ও বাস্তবজীবনের নায়ক শাকিব খান। রোমান্টিক ও অ্যাকশন  গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বুলবুল বিশ্বাস।

অন্যদিকে ঈদে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনায় নির্মিত শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘নবাব’ ও ‘বস টু’ সিনেমাদুটো। ‘নবাব’ সিনেমায় ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবং ‘বস টু’ সিনেমায় কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে ‍জুটি বেঁধেছেন এই টালিসুন্দরী। যদিও ‘বস টু’ সিনেমায় জিতের সঙ্গে শুভশ্রীর পাশাপাশি বাংলাদেশের নুসরাত ফারিয়াও জুটি বেঁধেছেন।

সিনেমার সংখ্যাতত্ত্বের দিক থেকে অপুর চেয়ে শুভশ্রীর পাল্লা  কিছুটা ভারী। তাই ঢালিউড ও টালিউডের দুই তারকার লড়াইয়ে কে এগিয়ে থাকবেন সে বিষয়টি নিয়ে এরইমধ্যে যথেষ্ট সরব সিনেপাড়া।

কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবী, যেহেতু অপু ও শুভশ্রীর বিপরীতে ঢালিউড ও টালিউডের দুই সুপারস্টার রয়েছে সেহেতু দুই সুপারস্টারের মধ্যেই মূলত আসল লড়াই জমে উঠবে। তারপরেও  অপুর লড়াইটাও শুভশ্রীর সঙ্গে কম হবে না। অন্যদিকে ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় জুটির নাম শাকিব-অপু। আর শুভশ্রীর বাংলাদেশে এখনও সেরকম দর্শক গড়ে উঠেনি। তাই অপু ও শুভশ্রীর এ লড়াইয়ে অপুকেই সবদিক থেকে এগিয়ে রাখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

‘নবাব’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার জয়দেব মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ। আর ‘বস টু’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার জিতস ফিল্মওয়ার্কস। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা বাবা যাদব।

সিনেমার ভাগ্য সব সময়ই দর্শকের রায়ের উপরই নির্ভর করে। তাই অপু ও শুভশ্রীর লড়াইয়ে শেষপর্যন্ত কে বিজয়ের হাসি হাসবেন তা ঈদুল ফিতরের বক্সঅফিসের ফলাফলই নির্ধারণ করবে।