দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন কপিল শর্মা
দ্বিতীয়বারের মতো দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হলেন জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত তারকা কপিল শর্মা।
এ মুহূর্তে দর্শকপ্রিয়তার নিরিখে পিছিয়ে রয়েছে এক সময়ের জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। এ অনুষ্ঠানের অন্যতম প্রধান কৌতুক অভিনেতা সুনীল গ্রোভারের সঙ্গে দ্বন্দ্ব ও বিমানে মদ্যপ অবস্থায় সুনীলের ওপর চড়াও হওয়ার ঘটনায় বিতর্কিত হয়েছেন কপিল শর্মা। বারবার ক্ষমা চেয়েও ফেরাতে পারেননি দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সুনীল গ্রোভারকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সুনীলের অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়েছে ‘দ্য কপিল শর্মা শো’। টিআরপি’তেও নেই আর আগের অবস্থান। এ সব হতাশার মধ্যে কপিলের জন্য সুখবর হলো সম্প্রতি দ্বিতীয়বারের মতো দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে একই অনুষ্ঠানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি।
অনেকেই ভারত সরকারের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’র সঙ্গে ‘দাদা সাহেব ফালকে আ্যাকাডেমি’ পুরস্কারকে মিলিয়ে ফেলছেন। ‘দাদা সাহেব ফালকে আ্যাকাডেমি পুরস্কার’ ২০০০ সাল থেকে দাদা সাহেব ফালকে ট্রাস্টি বোর্ডের তরফ থেকে বিনোদন জগতের বিভিন্ন শাখায় কৃতিত্বের জন্য দেওয়া হচ্ছে। অন্যদিকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার ১৯৬৯ সাল থেকে ভারত সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।
এবারের আসরে আরও পুরস্কৃত হবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ কৃতিত্বের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি।
