২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আমাজনের রাজকন্যা ‘ওয়ান্ডার ওম্যান’

শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে একই দিনে সিনেমাটি রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ অন্যান্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 07:44 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

‘ওয়ান্ডার ওম্যান’ নামেই যার বিস্ময়। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ সিনেমায় দেখা গেছে তার কিছু ঝলক। তাই তার কর্মকান্ড কেমন হতে পারে তা খুব সহজেই আঁচ করা যায়। এবার পৃথিবীকে বাঁচাতে আমাজনের রাজকন্যা ওয়ান্ডার ওম্যানের বেশে হাজির হচ্ছেন।

সিনেমার ট্রেইলারে রীতিমত সমগ্র সুপারহিরো-সিনেমা-জগতকেই কাঁপিয়ে দিয়েছেন ইসরায়েলি সুন্দরী গ্যাল গ্যাডট । প্রকাশের ২৪ ঘন্টা পেরোনোর আগেই ট্রেইলারটি ছয় কোটিবারেরও বেশিবার দেখা হয়ে গিয়েছে।

ট্রেইলারের পুরোটা জুড়েই ‘ওয়ারিয়র প্রিন্সেস’ ডায়ানাকে দেখা গেছে তার সোনালি রজ্জু, রূপালি ঢাল আর ধারালো তরবারি দিয়ে একের পর এক শত্রুকে পরাস্ত করতে। দেখা যায়, মার্কিনি এক বৈমানিক স্টিভ ট্রেভরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন আমাজনের রাজকন্যা ডায়ানা।

স্টিভের কাছ থেকেই সে জানতে পারে বাস্তবের দুনিয়া আক্রান্ত হয়েছে বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। নারীদের রাজত্বের আমাজন থেকে বের হয়ে ডায়ানা তাই পুরুষতান্ত্রিক পৃথিবীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় । যেখানে পদে পদে পুরুষের সঙ্গে লড়েই নিজের অতিমানবীয় শক্তি জানান দিতে হয় তাকে।

প্যাটি জেনকিন্সের পরিচালনায় এ সিনেমার মূল চরিত্র গ্যাল গ্যাডট। স্টিভ ট্রেভরের চরিত্রে দেখা যাবে ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা ক্রিস পাইনকে। এছাড়াও সিনেমায় আরো রয়েছেন রবিন রাইট, ড্যানি হাস্টন প্রমুখ।

লাস্যময়ী গ্যাল গ্যাডট অ্যাকশন অবতারে কেমন করবেন এ নিয়ে সন্দেহ করেছিলেন অনেকেই। কিন্তু ২০ বছর বয়সেই সামরিক বাহিনীতে যোগ দেওয়া এই অভিনেত্রী প্রতিটি দৃশ্যে প্রমাণ করেছেন, রূপের পাশাপাশি শক্তিরও অনেক বড় আধার তিনি।