২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাছরাঙা টিভিতে আয়নাবাজি

ঈদুল ফিতরের টানা সাত দিন তিনটি বেসরকারি টিভি চ্যানেলে আয়নাবাজি অরিজিনাল সিরিজ প্রচারের খবর এরইমধ্যে সকলেই জানা। কিন্তু নতুন খবর হলো এই তালিকা থেকে বাদ পড়েছে দীপ্ত টিভি। সেখানে এর পরিবর্তে যোগ হচ্ছে মাছরাঙা টিভি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 07:15 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

সিডিউলগত জটিলতার কারণে ও আয়নাবাজি অরিজিনাল সিরিজের বিনোদনকে নির্বিঘ্নে দর্শকদের কাছে পৌঁছে দিতেই দীপ্ত টিভির পরিবর্তে মাছরাঙা টিভিকে মিডিয়া পার্টনার করা হয়েছে। ফলে ঈদুল ফিতরের টানা সাত দিন আরটিভি, জিটিভি এবং মাছরাঙা টিভিতে একইসাথে একই সময়ে প্রচারিত হবে আয়নাবাজি অরিজিনাল সিরিজ-এর পূর্ণাঙ্গ সাতটি পর্ব।

টিভি পার্টনার পরিবর্তন বিষয়ে সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট অমিতাভ রেজা চৌধুরী বলেন, “দর্শকদের প্রতি পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই সিরিজের টিভি পার্টনার হিসেবে দেশের তিনটি টিভি চ্যানেল ছিলো, আছে এবং থাকবে। সিডিউলগত জটিলতার কারণে দীপ্ত টিভির পরিবর্তে মাছরাঙা টিভিকে পার্টনার করা হলেও ভবিষ্যতে দীপ্ত টিভিকে আবারও আয়নাবাজির সাথে সম্পৃক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আর মাছরাঙা টিভিকে আয়নাবাজি পরিবারের পক্ষ থেকে অভ্যর্থনা জানাচ্ছি।”

উল্লেখ্য, দেশের চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয় চলচ্চিত্র আয়নাবাজির ধারাবাহিকতায় আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে নতুন একটি টিভি সিরিজ। আয়নাবাজি চলচ্চিত্রটির মূল বিষয়কে ঘিরেই গড়ে উঠেছে টিভি সিরিয়ালের বিষয়বস্তু। গল্পের মূল আবহে থাকছে একজন মানুষের জীবনের বিভিন্ন বৈচিত্রময় রূপের সাবলীল উপস্থাপনা। এই বিষয়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ।

অমিতাভ রেজা থাকছেন সিরিজটির পরিচালকদের ডিরেক্টরিয়াল কনসালটেন্ট হিসেবে। পাশাপাশি গাউসুল আলম শাওন সিরিজটির ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে থাকবেন। সিরিজের পরিচালকরা হচ্ছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপূণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি।

সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকসন।

আয়নাবাজি অরিজিনাল সিরিজটির প্রযোজক ও টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল বলেন, “ সাড়া জাগানো চলচ্চিত্র আয়নাবাজি যারা তৈরি করেছেন, সেই একই নির্মাতা গোষ্ঠীর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। দর্শদের আয়নাবাজি দেখার সেই অভিজ্ঞতাকে একবার নয় সাতবার সাতটি ভিন্ন গল্পের মাধ্যমে ফিরিয়ে আনছি আমরা। পাশাপাশি আমাদের যাত্রায় সঙ্গী হবার জন্য মাছরাঙা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি।”