২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো ‘দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি’ পুরস্কার পেতে যাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 05:46 PM

Updated : 11 Apr 2022, 11:41 PM

এনডিটিভি জানায়, সম্প্রতি দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি’র পক্ষ থেকে নতুন বিভাগ চালু করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ কৃতিত্বের জন্য প্রথমবারের মতো পুরস্কার চালু করেছে দাদা সাহেব ফালকে অ্যাকাডেমি কর্তৃপক্ষ। প্রথম চালু হওয়া এ বিভাগের প্রথম পুরস্কারটি ঘরে তুললেন ‘বেওয়াচ’ অভিনেত্রী।

অনেকেই ভারত সরকারের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘দাদা সাহেব ফালকে’র সঙ্গে ‘দাদা সাহেব ফালকে আ্যাকাডেমি’ পুরস্কারকে মিলিয়ে ফেলছেন। ‘দাদা সাহেব ফালকে আ্যাকাডেমি পুরস্কার’ ২০০০ সাল থেকে দাদা সাহেব ফালকে ট্রাস্ট্রি বোর্ডের তরফ থেকে বিনোদন জগতের বিভিন্ন শাখায় কৃতিত্বের জন্য দেওয়া হচ্ছে। অন্যদিকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার ১৯৬৯ সাল থেকে ভারত সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ ভালো ব্যবসা করতে পারেনি বক্সঅফিসে। সমালোচকদের তরফ থেকেও জুটেছে তিরস্কার। এ ছবিতে প্রিয়াঙ্কা অভিনীত ভিক্টোরিয়া লিডস চরিত্রটি প্রশংসিত হলেও এ মুহূর্তে বেশ চাপের মধ্যেই রয়েছেন এই সাবেক বিশ্বসুন্দরী। সিনেমার প্রচারে এখন জার্মানিতে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সামনেই ‘বেওয়াচ’ নিয়ে লন্ডনে যাবেন তিনি।

২ জুন ভারতে মুক্তি পাবে ‘বেওয়াচ’।  নিজ দেশে কেমন ব্যবসা করে প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা তাই এখন দেখার বিষয়।