অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন শাহরুখ
নতুন ছবিতে বামন চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। সম্প্রতি আনন্দ এল. রাই’য়ের নাম চূড়ান্ত না হওয়া এ ছবির শুটিং সেটে দুর্ঘটনার হাত থেকে বেঁচে এলেন বলিউড বাদশা।
‘রইস’ ছবির রোমান্টিক লুক থেকে বেরিয়ে নতুন অবতারে হাজির হচ্ছেন শাহরুখ। প্রথমবারের মতো পর্দায় এক বামন চরিত্রে দেখা যাবে তাকে। কিছুদিন ধরেই মুম্বাইতে চলছে আনন্দ এল. রাই’য়ের নাম চূড়ান্ত না হওয়া এ ছবির দৃশ্যধারণের কাজ। সম্প্রতি শুটিং সেটে একটি অংশের ছাদ ভেঙে পড়ে আহত হন শুটিং দলের বেশ ক’জন সদস্য। অল্পের জন্য বেঁচে গেলেন শাহরুখ খান!
মুম্বাই মিরর বলছে, শুটিং চলাকালে সেটের এক অংশের সিঁড়ি ভেঙে পড়লে আহত বেশ ক’জন। দুর্ঘটনার সময় শাহরুখ খান ছিলেন ঘরের অন্যপ্রান্তে। ফলে অল্পের জন্য রক্ষা পান তিনি। আহত সদস্যদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় দু’দিনের জন্য শুটিং স্থগিত করা হয়েছে।
এ ছবিতে শাহরুখের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে। বামন সাজে শাহরুখের কোনো ছবি যাতে আগে থেকে ফাঁস না হয় সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হচ্ছে। তবে দুর্ঘটনার পর থেকে শাহরুখ সহ অন্যান্য তারকাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও সচেতন হয়েছেন ছবির নির্মাতা।
