সঞ্জয় দত্তের প্রতি আমার দুর্বলতা ছিলো: রবীনা
দীর্ঘদিন পর ‘মাতৃ’ ছবি দিয়ে অভিনয়ে ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন। শিগগিরি মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘শাব’। সম্প্রতি এক সাক্ষাতকারে অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি তার ভালোলাগার কথা অকপটে জানালেন এ অভিনেত্রী।
আইএনএস’কে দেওয়া সাক্ষাতকারে রবীনা বলেন, “আমি যখন ছোট ছিলাম তখন ঋষি কাপুরকে অনেক ভালো লাগতো। পরে যখন একটু বড় হলাম তখন সঞ্জয় দত্তের প্রতি অসম্ভব দুর্বলতা ছিলো। আমার ঘর ভর্তি ছিলো তার পোস্টার দিয়ে! প্রথম যখন তার সঙ্গে অভিনয় করি তখন আমি বিশ্বাস করতে পারিনি। এরপর তার সঙ্গে প্রায় সাতটি ছবি করেছি আমি।”
সামনেই মুক্তি পাচ্ছে রবীনার নতুন ছবি ‘শাব’। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার নতুন ছবি ‘শাব’য়ে সম্পর্কের স্পর্শকাতর দিকটি নিয়ে কথা বলা হয়েছে। সম্পর্ক বরাবরই জটিল একটি বিষয়। এ ছবিতে সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে। ছবিটি দেখে সবাই তার জীবনের সঙ্গে এর মিল খুঁজে পাবেন।”
এর আগে ‘সত্তা’, ‘দামন’ ইত্যাদি ছবিতে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রবীনা। সর্বশেষ প্রকাশিত ‘মাতৃ’ ছবিতেও ভিন্নধর্মী এক মায়ের চরিত্রে দেখা গেছে তাকে। এ প্রসঙ্গে রবীনা বলেন, “ব্যতিক্রমী চরিত্রে কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। আমার মনে হয় এ ধরনের চরিত্রগুলো আমার সঙ্গে ভালো মানায়। ‘মাতৃ’ ছবির পর ‘শাব’য়েও আমাকে কিছুটা ভিন্নধর্মী চরিত্রে দেখতে পাবেন দর্শক। এ ছবিতে অনেক দিন পর গ্ল্যামারাস রূপে দেখা যাবে আমাকে।”
ওনির পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করছেন অর্পিতা চ্যাটার্জি, আশিস বিষ্ট, সাইমন ফ্রেনায়, গৌরব নন্দা প্রমুখ। ৩০ জুন মুক্তি পাচ্ছে ছবিটি।
