২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশিত হলো পলির ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’

সম্প্রতি প্রকাশিত হলো কন্ঠশিল্পী শায়লা সাবরীন পলির একক অ্যালবাম ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’। অ্যালবামটি বাজারে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 08:43 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

শ্রোতাদের জন্য আধুনিক ধাঁচের গান নিয়ে সাজানো হয়েছে গানের অ্যালবাম ‘হৃদয়ে হৃদয় বেঁধেছি’। যা কন্ঠশিল্পী শায়লা সাবরীন পলির গানের কেরিয়ারে প্রকাশিত পঞ্চম একক অ্যালবাম।

অ্যালবাম প্রসঙ্গে শায়লা সাবরীন পলি বলেন,“ অ্যালবামটি প্রকাশের পর থেকেই সকল শ্রেণির শ্রোতাদের কাছ থেকে বেশ ভালোই প্রশংসা পাচ্ছি। বিশেষ করে আমার অ্যালবামের 'টাইটেল সং'টির প্রশংসা সবাই করেছেন। এছাড়াও এই গানটির মিউজিক ভিডিও ইউটিউবে বেশ ভালো সাড়া ফেলেছে।”

তিনি আরো বলেন,“ এক বছরেরও বেশি সময় ধরে অ্যালবামের গানগুলো তৈরি করা হয়েছে। আমাদের প্রচেষ্টা ছিল, চলমান সময়ের রিমেক, রি-ট্র্যাকের জোয়ার থেকে বের হয়ে শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়া। যেহেতু অনেকেই প্রশংসা করেছেন তাই কিছুটা হলেও মনের ভিতরে অনেকটা প্রশান্তি অনুভব করছি।”

অ্যালবামের গানগুলো লিখছেন এ মিজান, সেজুল আহমেদ, মাসুদ আহমেদ, জয় আহমেদ এবং শহীদ খান। আর সবগুলোর গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এফ এ সুমন।

অ্যালবাম প্রসঙ্গে সুমন বলেন, “পলি আপার কণ্ঠে অন্যরকম এক মাধুর্য আছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। এ অ্যালবামের শুধু 'টাইটেল সং' নয় বরং ধীরে ধীরে অ্যালবামের সবগুলো গানই শ্রোতাদের মনের পিপাসা মেটাবে বলে আমার প্রত্যাশা।”

অন্যদিকে এর আগে শায়লা সাবরীন পলির কন্ঠে জি সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে বাজারে প্রকাশিত হয় লালন সংগীতের অ্যালবাম ‘অমৃত মেঘের বারি’। তবে ‘সূর্য ছোঁব বলে’ ছিলো তার প্রকাশিত প্রথম একক অডিও অ্যালবাম।