‘নারীদের সিনেমায় যেভাবে তুলে ধরা হয়, তা বিব্রতকর’
সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের মধ্যে অন্যতম ছিলেন মার্কিন অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন। উৎসবের শেষদিনে বক্তব্য রাখার সময় তিনি বলেন বিশ্বচলচ্চিত্রে নারীদের যেভাবে তুলে ধরা হচ্ছে, তা ‘বিব্রতকর’।
তিনি বলেন, “এই প্রথম আমি ১০ দিনে ২০ টি ছবি দেখেছি। আমি চলচ্চিত্র ভালোবাসি। তবে এই ক’দিনে সিনেমা দেখে আমি বুঝতে পেরেছি গোটা বিশ্ব নারীদের কীভাবে দেখে, যা এইসব চলচ্চিত্রের মাধ্যমে উঠে এসেছে। সত্যি বলতে কি, কিছু ব্যতিক্রম বাদে গোটা ব্যাপারটাই আমার কাছে বিব্রতকর মনে হয়েছে।”
অস্কার মনোনয়নপ্রাপ্ত এই অভিনেত্রী আরও বলেন কান চলচ্চিত্রের মতো উৎসবে আরও বেশি নারী নির্মাতাদের সুযোগ দেওয়া উচিৎ।
“আমি আশা করি, আমরা যদি আরও বেশি নারীদের জন্য এই ক্ষেত্রটি উন্মুক্ত করে দিই, তাহলে সমাজের যেসব নারীদের আমি চিনি, যারা কেবল পুরুষের কথায় না চলে নিজেদের কাজের ক্ষেত্র নিজেরা তৈরি করে নিয়েছেন- সেসব প্রগতিশীল নারীদের দৃষ্টিকোণ সম্পর্কে আমরা জানতে পারবো,” বলেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবের ৭০ বছরের ইতিহাসে এবারই দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতা জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। সোফিয়া কপোলা অর্জন করেছেন এই সম্মান তার ‘বিগাইল্ড’ সিনেমাটির জন্য। একই সিনেমায় অভিনয়ের জন্য নিকোল কিডম্যান অর্জন করেন বিশেষ পুরস্কার। তবে উৎসব সেরার পুরস্কার স্বর্নপাম ঘরে তুলেছে সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ডের ‘দ্য স্কয়ার’।
