বাংলা চলচ্চিত্রের রাজা রানী শাকিব অপু: পরীমনি
ঢালিউডে দৃশ্যধারণের শুরু থেকেই নানা কারণে আলোচিত সিনেমা বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’। সোমবার সিনেমার টিজার প্রকাশের পরে ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনির ফেইসবুকে স্ট্যাটাসের কারণে আবারও স্পটলাইটে উঠে এসেছে সিনেমাটি নাম।
আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব-অপু জুটির সিনেমা ‘রাজনীতি’। এর আগে সিনেমার ফার্স্টলুক ও দ্বিতীয় পোষ্টার প্রকাশের পরে সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমার টিজার। সিনেমার টিজার প্রকাশের পরেই তা পরীমনির নজর কাড়ে। প্রকাশিত টিজারটি যে পরীমনিকে মুগ্ধ করেছে, মঙ্গলবার সকালে তার ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে সেটা স্পষ্ট।
তার দেওয়া স্ট্যাটাসের শুরুতে তিনি অপু বিশ্বাসের ব্যাপক প্রশংসা করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী। তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দিদিভাই। তোমার সৃজনশীল পথ চলা, আমার এক বড় অনুপ্রেরণা। তোমার স্বচ্ছ বিচলন, আমার এক জোরালো মনোবল। আর তোমার কোমল স্নেহময় হৃদয়, শত নারীর অস্তিত্বের দর্পণ। ‘কাল সকালে’ চলচ্চিত্র দিয়ে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে। সেই থেকে তোমার এই জগতে সোনালি সকালটাই বিদ্যমান। বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছো আমাদের। সিনেমাপ্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটা সুন্দর পরিপূর্ণ জুটি।”
স্ট্যাটাসে পরীমনি আরো লেখেন, “আমি ‘রাজনীতি’সহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি। আর দেখার পর আমি একজন দর্শক হিসেবে সপরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমি আমার সকল শুভাকাঙ্খী, বন্ধু এবং সকল অনুসারীদেরও আহ্বান জানাই রাজনীতি দেখুন দলবলে। অনেক শুভকামনা রইলো রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দাদার জন্য। অনেক ভালোবাসা পুরো রাজনীতির কর্মীদের জন্যে। আর প্রাণঢালা আশীর্বাদ বাংলা চলচ্চিত্রের রাজা+রানীর (শাকিব-অপু) জন্যে। জয় হক আমাদের চলচ্চিত্র।”
অন্যদিকে বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘রাজনীতি’।সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাস জুটি ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল ও কমল প্রমুখ। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা।
