‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী ও কুশলীদের সংবর্ধনা
‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী ও কুশলীদের সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত হয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান।
স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’। সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও নির্মাণ করেছেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির সকল শিল্পী-কুশলীদের আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হলো।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা হলেন, সিনেমার অভিনয়শিল্পী খসরু, সৈয়দ হাসান ইমাম, মিরানা জামান, নায়করাজ রাজ্জাক, সংলাপ লেখক ও অভিনেতা এটিএম শামসুজ্জামান, নূতন, কাজী ফিরোজ রশীদ, সিনেমার নির্মাতা চাষী নজরুল ইসলাম (মরণোত্তর), গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা), চিত্রনাট্যকার কাজী আজিজ, পরিবেশক ইফখারুল আলম ও প্রধান সহকারী পরিচালক শামসুল আলম।
অনুষ্ঠানে ‘ওরা ১১ জন’-এর প্রযোজক মাসুদ পারভেজ তথা নায়ক সোহেল রানা বলেন, “মাছ বিক্রি করেও এই দেশে সিআইপি হওয়া যায় কিন্তু চলচ্চিত্র জগতে কাজ করে সিআইপি হওয়া যায় না। স্বাধীন দেশের স্বাধীন চলচ্চিত্রে কাজ করে প্রথম চলচ্চিত্রকার যারা আছেন, তাদেরকে কোনোভাবে সমাদৃত করা বা পুরস্কৃত করা, কোনো কিছুই হয় না। পারলে হয়ত বা তিরস্কারই করা হয়।”
তিনি আরো বলেন,“ ‘ওরা ১১ জন’ ছবিতে যারা কাজ করেছেন তার মধ্যে ৯৮ ভাগ লোক বিনা টাকায় কাজ করেছেন। আজকের এই মঞ্চে সে সময়কার এমন দু-একজন উপস্থিতও আছেন।”
ছবি: তানজিল আহমেদ জনি
অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক, খসরু ও এটিএম শামসুজ্জামান উপস্থিত ছিলেন না। প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের হয়ে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী জোৎস্না কাজী।
চাষী নজরুল ইসলামের পক্ষে তার স্ত্রী জোৎস্না কাজী বলেন,“একদিন চাষী কিছু যুবক নিয়ে আমার বাসায় হাজির। তারা মুক্তিযুদ্ধের ছবি বানানোর যজ্ঞ শুরু করলো। স্বাধীনতা যুদ্ধের উপরে ‘ওরা ১১ জন’ সিনেমা হবে শুনেই আমি মুগ্ধ হয়ে গেলাম। কিন্তু শেষে ছবিটি যা দাঁড়াল তা দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। তখন আমি চাষীকে জড়িয়ে ধরেছিলাম।”
ছবি: তানজিল আহমেদ জনি
নির্মাতা মোহাম্মদ হোসেন জেমীর উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, যুগ্ম মহাসচিব শাহীন সুমন, আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অপূর্ব রানা, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল প্রমুখ।
