২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মা হওয়ার মুহূর্তে হেসে ফেলেছিলাম’

এক বছর আগে নিজেই ছিলেন মায়ের আদরের মেয়ে। একবছরের ব্যবধানে স্ত্রী ও পুত্রসন্তানের মা হিসেবে নতুন নতুন অভিজ্ঞতায় নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করছেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। মা দিবসে জানালেন নতুন মা হওয়ার অনুভূতি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 07:55 PM

Updated : 11 Apr 2022, 11:34 PM

২০১৬’র ১৯ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। ক্যারিয়ারের শুরুতেই যখন জনপ্রিয়তা পেয়ে বসেছেন তখনই পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। হঠাৎ সিদ্ধান্তে মার্চে বিয়ে। তারপরই ডিসেম্বরেই মা হয়ে ভক্তদের একের পর চমকই দিয়ে যাচ্ছিলেন তিনি।

শুধু তাই নয়, নিজেও কি কম চমকে উঠছিলেন! দেশের বাইরে মা হওয়ায় তাৎক্ষণিক জানাতে পারেননি মা হওয়ার অনুভূতিটা কেমন ছিলো। মা দিবসে গ্লিটজকে বললেন, “মা যখন হই, তার একবছর আগেও নিজেই বাচ্চা ছিলাম। মায়ের আদরে। তারপরই হঠাৎ বিয়ে। লন্ডনের হাসপাতালে যেদিন আমার সন্তানের মুখ প্রথম দেখলাম সে অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। আমার খুব কান্না পাচ্ছিলো। কিন্তু চোখ মেলে যখন দেখলাম ভূমিষ্ট হওয়ার বাচ্চার পাশে দাঁড়িয়ে ওর বাবাও কাঁদছিলো তখন আমি হেসে ফেলেছিলাম।”

তিনি আরও বলেন, “আমি কি কাঁদবো, ওরা দুজনই কাঁদছিলো। খুব ব্যাথা হচ্ছিলো। কিন্তু সবসময় শুনতাম, সন্তানের মুখ দেখলেই সব ব্যথা ভুলে যাওয়া যায়। সেটা খুব উপলব্ধি করেছি।”

প্রতিমুহূর্তেই পুত্রসন্তান কিয়ানের যত্ন আর তাকে সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে মনযোগী মা ঈশিকা। সন্তানের দুষ্টুমি আর হাসি দেখেই বেলা বয়ে যায় তার। জানালেন, মাতৃত্বের প্রতিটি মুহুর্তই ঈশিকার কাছে উপভোগ্য। ইশিকার স্বপ্ন সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। তবে, এখন শুধুই সুস্থভাবে তাকে বড় করে তোলাকেই দায়িত্ব মানছেন তিনি।

মা হওয়ার পর থেকে নিজের মাকে আরও বেশি উপলব্ধি করেন তিনি। বললেন, “মায়ের প্রতি প্রেম সম্মান অনেক বেড়ে গেছে। কখনো মাকে ছাড়া থাকিনি। বাবা মারা যাওয়ার পরতো আরও না। এখন তাকে ছাড়া থাকি, মা বলেন, আমার সন্তানই তার কাছে আমার দেয়া সবচেয়ে বড় পুরস্কার। কিয়ানের খুব ভালোবাসেন মা।”

দেশে ফিরেই ফের মিডিয়ার কাজে মনোযোগী হয়েছেন ঈশিকা। বললেন, “দেশে ফিরেই উপস্থাপনার কাজে যুক্ত হয়েছি। মাছরাঙা টিভিতে চ্যাম্পিয়ন ট্রফি ও ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের উপস্থাপনার দায়িত্ব নিয়েছি। বেশকিছু নাটকের ব্যাপারে কথা চলছে। সবকিছু সামলে যতটুকু কাজ করা যায় করবো।”