পূর্ণিমা যখন ‘মিসেস কুক’
ঈদ উপলক্ষে নির্মিত হলো নাটক ‘মিসেস কুক’।
শ্রাবনী ফেরদৌসের রচনা ও পরিচালনায় সম্প্রতি নির্মিত হলো ঈদের নাটক ‘মিসেস কুক’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্নিমা।
৫ থেকে ৭ মে টানা তিনদিন নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও ছোটপর্দার অভিনেতা আহসান হাবিব নাসিম।
বিয়ের পর অধিকাংশ মেয়ের জীবনে রান্নাঘরই যেন সর্বশেষ গন্তব্য হয়ে ওঠে। রান্না করা ছাড়া যেন আর কিছুই করার নেই তাদের। এমনটাই নিয়তি হয়ে ওঠে পূর্ণিমারও। সংসারের বাইরে অন্য কোথাও পা ফেলার স্বাধীনতা নেই। স্বামীর সংসারে এমনটা মেনে নিয়েছিলেন তিনিও। কিন্তু হঠাৎ তার ভাবনা এলোমেলো করে দিতে উদয় হন স্বামীর বন্ধু ইমন। কিছুটা বাউন্ডুলে স্বভাবের যু্বক ইমন তাকে স্বাধীনতার স্বপ্ন দেখান। পূর্নিমাকেও সে স্বপ্ন পেয়ে বসে। রান্নায় তার আর মন বসে না। কিন্তু নানা ভাবনার অলিগলি পেরিয়ে শেষমেষ আপন সংসারেই ফিরতে হয় তাকে। এমন গল্পে নাটকটির নির্মাণ করেছেন শ্রাবনী ফেরদৌস।
সম্প্রতি নাটকটির চিত্রধারণ হয়েছে ঢাকা ও ঢাকার অদূরে পূর্বাচলে। নাটকটির নির্মাণ অভিজ্ঞতা গ্লিটজকে জানালেন শ্রাবনী। বললেন, “এটি ঈদ উপলক্ষ্যে নির্মাণ করেছি। পূর্ণিমা আপা অনবদ্য অভিনয় করেছেন। ইমনও বেশ কোঅপারেটিভ ছিলো। দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই আশা করছি।”
তবে, গতবাধা এ মন্তব্যের বাইরেও শ্রাবনী বললেন, “আমাদের নাটকের অনেক আর্টিস্টের মধ্যেই পেশাদারিত্বের বেশ সঙ্কট আছে। কিন্তু এ নাটকে ফিল্মের দুজন আর্টিস্টকে দিয়ে কাজ করিয়ে আমি যেটা তৃপ্তি পেলাম তা হলো ইমন, পূর্ণিমা দুজনই পেশাদারিত্বের জায়গায় দায়িত্বশীল। কাজের প্রতি পূর্ণ সম্মান দেখেছি তাদের মধ্যে।”
নির্মাতা জানান, আসছে ঈদ উল ফিতরে নাটকটি বেসরকারি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে।
