১৮ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রভাস!
‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন ১৮ কোটি রুপির বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব।
ভারতীয় সিনেমার ইতিহাসে ‘বাহুবলী’ এক বিস্ময়কর নামই বটে! মুক্তির পরের দিনেই বিশ্বব্যাপী ১০০০ কোটি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে এ ছবি। ‘বাহুবলী’র দুই কিস্তিতেই প্রধান চরিত্র বাহুবলীর ভূমিকায় দেখা গেছে তেলুগু অভিনেতা প্রভাসকে। ‘বাহুবলী’র সাফল্যের পর অনেক কাজের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিচ্ছেন তিনি।
‘বাহুবলী’র দুই কিস্তির জন্য টানা চার বছর নতুন কোনো সিনেমার কাজ হাতে নেননি প্রভাস। এমনকি পারিশ্রমিকরে বাইরে কোনো সুযোগ-সুবিধা কিংবা আর্থিক উপঢৌকন- কিছুই গ্রহণ করেননি তিনি। যেখানে বাহুবলী’র অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা গত চার বছরে ‘বাহুবলী’র বাইরেও তাদের কাজের শিডিউল ঠিক রেখেছেন সেখানে প্রভাস তার সমস্ত ধ্যান-জ্ঞান কেবল ‘বাহুবলী’ চরিত্রের পেছনেই ব্যয় করেছেন। এমনকি ‘বাহুবলী’র কাজ শেষ হলে গেলেও এ অভ্যাস বজায় রেখেছেন তিনি!
‘বাহুবলী-টু’য়ের বিশাল সাফল্যের পর এ মুহূর্তে আন্তর্জাতিকভাবে বড় তারকায় পরিণত হয়েছেন প্রভাস। তার মুখপাত্র বলছে, দেশী-বিদেশী নানা সংস্থা তাদের পণ্যের দূত হিসেবে চুক্তিবদ্ধ করতে চাইছেন তাকে। কিন্তু এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে যাওয়া প্রভাস-এর নির্দেশে কোনো কাজই হাতে নিচ্ছেন না তার ব্যক্তিগত ম্যানেজার।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রভাস-এর মুখপাত্র বলেন, “ক’দিন আগেই একটি পণ্যের দূত হওয়ার জন্য প্রায় ১৮ কোটি রুপি প্রস্তাব করা হয়েছে প্রভাসকে। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন তিনি। এর আগে ১০ কোটি রুপির আরেকটি লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।”
ছুটি কাটিয়ে দেশে ফিরে পরিচালক সুজিতের নতুন ছবি ‘সাহো’র কাজ শুরু করবেন প্রভাস। তেলেগু, তামিল ও হিন্দিতে নির্মিতব্য এ অ্যাকশন ড্রামাটির দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে চলতি বছরের জুন মাস থেকে।
