ফিরে দেখা মৃণাল সেন
চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।
শনিবার থেকে ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ফিরে দেখা মৃণাল সেন’ শিরোনামে এ উৎসবটি যৌথভাবে আয়োজন করছে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর।
মঙ্গলবার বিকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির আহ্বায়ক মোরশেদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের কিপার নূরে নাসরিন এবং চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির সদস্য মনিরা মোরশেদ মুন্নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
এতে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
মৃণাল সেনের ওপর আলোচনা করবেন বিশিষ্ট চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
উদ্বোধন শেষে মৃণাল সেন নির্মিত ‘একদিন প্রতিদিন’ চলচ্চিত্রটি দেখানো হবে।
অধিবেশনে মৃণাল সেন নির্মিত ৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও মৃণাল সেনের ওপর নির্মিত ৩টি প্রামাণ্যচিত্র দেখানো হবে।
মৃণাল সেন পরিচালিত সিনেমাগুলো হচ্ছে—‘বাইশে শ্রাবণ’, ‘ভূবন সোম’, ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’, ‘একদিন প্রতিদিন’, ‘খারিজ’, ‘একদিন’, ‘আচানক’, ‘অন্তরীণ’, ‘আমার ভূবন’।
আর বিখ্যাত এ পরিচালকের ওপর নির্মিত চলচ্চিত্রগুলো হচ্ছে- রমেশ শর্মা পরিচালিত ‘পোট্রেট অফ এ ফিল্ম মেকার’, জয়ন্ত ভট্টাচার্য পরিচালিত ‘অলওয়েজ বিইং বর্ণ’, রাজদ্বীপ পাল পরিচালিত ‘মৃণাল সেন - অ্যান এরা ইন সিনেমা’।
উদ্বোধনী দিন ছাড়াও প্রতিদিন বিকাল ৪টায় ও সন্ধ্যা ৬টায় দেখানো হবে ।
উদ্বোধনী অধিবেশন ছাড়া সকল প্রদর্শনী থাকবে সবার জন্য উন্মুক্ত।
প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মান।
তার প্রথম পরিচালিত ছবি ‘রাতভোর’ মুক্তি পায় ১৯৫৫ সালে।
