২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড’

শুক্রবার সারাবিশ্বে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত সিনেমা ‘কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড’। একইদিনে বাংলাদেশের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 08:36 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

কালো জাদুর খেলা, রাজ্য দখলের উম্মাদনা ও একজন সাহসী যোদ্ধার বীরত্বের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘শার্লক হোমস’খ্যাত পরিচালক গাই রিচি। 

সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন চার্লি হানাম, জুড ল, এরিক ব্যানা প্রমুখ। সিনেমায় অদ্ভুত ক্ষমতার অধিকারী এক তরুণী ‘গুইনিভার’-এর চরিত্রে অভিনয় করেছেন স্প্যানিশ-ফ্রেঞ্চ অভিনেত্রী ও মডেল আস্ত্রিদ বার্জেস ফ্রিজবে।

সিনেমায় অন্যতম চমক জাগানিয়া নাম ডেভিড বেকহাম। জনপ্রিয় এই ইংলিশ ফুটবল তারকাকে দেখা যাবে এই সিনেমায়। এর আগে কয়েকটি ডকুমেন্টারিতে তাকে দেখতে পেলেও এই প্রথম কোনো সিনেমায় পূর্ণাঙ্গ অভিনেতার চরিত্রে বেকহামকে দেখতে পাবেন তার ভক্তরা।

সম্প্রতি টুইটার এবং ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশও করেছেন ডেভিড বেকহাম। যেখানে দেখা যায় বেকহাম একজন সৈনিকের পোশাকে সজ্জিত। তার কোমরে তলোয়ার এবং তাকে দলনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবিটি ছাড়াও বেকহাম এই সিনেমার তার আরেকটি লুকও তার ভক্তদের জন্য শেয়ার করেছেন, একেবারে অচেনা এক বেকহামকে দেখা গিয়েছে। তিনি যেন কয়েক শ বছর আগের কোনো যোদ্ধা। ইউরোপীয় পরিভাষায় ‘নাইট’। তরবারির আঘাতে ক্ষতবিক্ষত তার মুখ। দাঁতে সবুজ আভা। এবড়ো-থেবড়ো করে কাটা চুল। দৃষ্টিতে আদিম রুক্ষতা।

কল্পকাহিনীভিত্তিক এই সিনেমায় দেখা যাবে, ছোটবেলায় বাবা-মাকে হারানো এক রাজপুত্রের জীবনের দ্বন্দ্ব-সংঘাত এবং দুঃসাহসী কর্মকান্ডের কাহিনী। প্রাচীন নগরী রোমের হ্যাডরিয়ান্স ওয়াল সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল ‘ব্রিটানিয়া’ শাসন করতেন রোমান পরিবারের যোগ্য উত্তরাধিকারী ‘কিং আর্থার’।

রাজ্য পরিচালনা শুরুর কিছু দিনের মধ্যেই বিষন্নতায় আক্রান্ত হন তিনি। হঠাৎ একদিন অজানা জাদুবলে বন্দী হয়ে চেতনা হারিয়ে ফেলেন তিনি। রাজ্যের অধিপতির এমন অবস্থার কথা জানতে পেরে হ্যাডরিয়ান্স ওয়ালের আরেকজন ক্ষমতার উন্মাদ শাসক অধিপতি এই ব্রিটানিয়া রাজ্য দখলে আগ্রহী হয়।

সম্মুখ সমরে রাজ্য দখলের ক্ষমতা ফোমোরিয়ান্সের ছিল না বলে কালো জাদুর প্রয়োগ ঘটিয়ে রাজ্য দখলের নীলনকশা করতে থাকে। তারই পরিকল্পনা মতে প্রথমে ব্রিটানিয়া রাজ্যে কালো জাদুর প্রয়োগ নিশ্চিত করতে ভেঙে ফেলা হয় ‘হলি গ্রেইল’। এভাবেই শুরু হয় জাদুর খেলা। তার বিরুদ্ধে লড়ে যান কিং আর্থার। একদিকে জাদু, অন্যদিকে সাহসী যোদ্ধা কিং আর্থারের বীরত্বের গল্প সিনেমাটিকে শেষ পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছে।