২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে ঝড় তুলছে শচীনকে নিয়ে এ. আর. রাহমানের গান

ভারতীয় ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকরকে এক নামেই চেনে গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট দুনিয়ায় ‘মাস্টার ব্লাস্টার’ খ্যাত এ তারকার জীবন নিয়ে তৈরি করা হয়েছে ‘শচীন অ্যা বিলিয়ন ডলার ড্রিম’ ছবিটি। এতে শচীনকে নিয়ে গাওয়া হয়েছে ‘শচীন সংগীত’ শিরোনামের একটি গান। গানটির সুরারোপ করেছেন অস্কারজয়ী সঙ্গীতায়োজক এ. আর. রাহমান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 06:13 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

মাঠে যখন শচীন খেলতেন গ্যালারীতে তখন শোনা যেত ‘শচীন শচীন’ রব। ভক্তদের এই চিৎকারকে নিয়েই এবারে গান তৈরি কররেন এ. আর. রাহমান। ‘শচীন অ্যানথেম’ শিরোনামের এ গানটিতে উঠে এসেছে শচীনের মাঠের ও মাঠের বাইরের জীবনের নানা দিক। 

সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে গানটি পোসট করেছেন শচীন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, “দীর্ঘদির পর আমার স্মৃতিময় ঘটনাগুলো দেখতে পেলাম এ গানের মাধ্যমে। অসম্ভব স্মৃতিকাতর হয়ে পড়েছি। এত সুন্দর গানের জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ।”

জেমস এরস্কিন পরিচালিত ‘শচীন অ্যা বিলিয়ন ডলার ড্রিম’ ছবিতে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটারের জীবনের নানা অজানা অধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাতকারে শচীন বলেন, “আমার জীবনীভিত্তিক এ সিনেমা করতে গিয়ে আমার বেশ মজার কিছু অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে ‘শচীন অ্যানথেম’ গানটিতে গ্যালারির দর্শকের যে চিৎকার দেখানো হয়েছে বাস্তবে তা কখনোই আমার দেখার অভিজ্ঞতা হয়নি। এটি আমার অনেক দারুণ লেগেছে।”

 

প্রথম কখন এমন ‘শচীন শচীন’ চিৎকার শুনেছেন তিনি?- এ প্রশ্নের জবাবে শচীন বলেন, “সম্ভবত যখন আমি অনেক ছোট এবং পাড়ার রাস্তায় ক্রিকেট খেলতাম তখন বাসার বারান্দা থেকে মা ডাকতেন ‘শচীন, শচীন ঘরে আসো’। এটাই আমার জীবনের প্রখম ‘শচীন সংগীত’!”  

গানটি প্রসঙ্গে এ. আর. রাহমান মজা করে বলেছেন, “এ গানটি তুলে রাখা হবে সেই দিনের জন্য যেদিন শচীন টেন্ডুলকর দেশের প্রেসিডেন্ট হবেন। তখন আমরা সবাই এই ‘শচীন সঙ্গীত’ বাজাবো।” 

ইরশাদ কামিল-এর কথায় গানটি গেয়েছেন সুখবিন্দর সিং। ৯ মে ইউটিউবে প্রকাশিত এ গানটি একদিনেই দেখেছে প্রায় ২ কোটির বেশি দর্শক।