২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে একশ কোটি আয় করলো আমিরের ‘দঙ্গল’!

চীনে মুক্তির চতুর্থ দিনে একশ কোটি রুপি আয় করলো আমির খান অভিনীত ‘দঙ্গল’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2017, 08:49 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

অনেক আগেই ভারতীয় দর্শকের মন জয় করেছে আমির খানের ‘দঙ্গল’। এবারে চীনা দর্শকের মন জয় করলো নিতেশ তিওয়ারির এ স্পোর্টস ড্রামা। চীনে মুক্তির চার দিনেই মাথায় শত কোটি রুপি আয় করে চমকে দিয়েছে ‘দঙ্গল’।

আমির খানের ছবি মানেই নতুন কোনো চমক। এর আগে ২০১৫ সালে আমিরের ‘পিকে’ ছবিটি প্রথম ভারতীয় ছবি হিসেবে শতকোটির মাইলফলক স্পর্শ করেছিলো চীনা বক্সঅফিসে। তবে মুক্তির ১৫ দিনে এ আয় করেছিলো সিনেমাটি। এবারে মাত্র চার দিনেই শতকোটির ঘরে পৌঁছালো আমিরের ‘দঙ্গল’।

এ মুহুর্তে চীনে সর্বাধিক ব্যবসা করছে হলিউড ছবি ‘গার্ডিয়ান্স অফ দ্যা গ্যালাক্সি: ভলিউম টু’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দঙ্গল’। মঙ্গলবার এক টুইট পোস্টে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা লিখেছেন, “চীনা বক্সঅফিসে মাত্র চারদিনেই ১০০ কোটি রুপি ঘরে তুলেছে আমির খানের ‘দঙ্গল’। চীনে শতকোটির ঘরে প্রবেশ করা দুটি ভারতীয় ছবিই আমির-এর।”

‘দঙ্গল’য়ের সাফল্যে উচ্ছ্বসিত আমির আইএনএস’কে বলেন, “চীনে ‘দঙ্গল’য়ের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। এ জন্য পুরো ‘দঙ্গল’ পরিবারের পক্ষ থেকে চীনা পরিবেশকদের জানাই অশেষ ধন্যবাদ। আমি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ‘দঙ্গল’ নিয়ে দর্শকের মন্তব্যগুলো অনুবাদ করে পড়েছি। এটা খুবই আশার কথা যে চীনে আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।”

৫ মে চীনের প্রায় সাত হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘দঙ্গল’ ছবি। ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগত-এর জীবনের সত্যিকার গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন আমির খান, সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা প্রমুখ।