রবীন্দ্রনাথকে নিয়ে ছবি বানাবেন প্রিয়াঙ্কা!
অভিনয়ের পাশাপাশি সমানতালে প্রযোজনার কাজটিও করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মারাঠি, পাঞ্জাবী, সিকিমি, গোয়া ও ভোজপুরির পর বাংলা ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী।
রবীন্দ্রনাথের নানা গল্পে ও কবিতায় একটি নারী চরিত্র বারবারই এসেছে, তা হলো ‘নলিনী’। কিছুটা চাপা ও একরোখা এ নারী চরিত্রটি নিয়ে হয়েছে নানা গবেষণা। অনেকেই মনে করেন মারাঠি তরুণী অন্নপূর্ণা তড়খড়কেই ‘নলিনী’ নামে ডাকতেন রবীন্দ্রনাথ। এমনকি তাদের ভেতর ছিলো এক নিষ্পাপ ও নৈসর্গিক প্রেমের সম্পর্কও। এবারে অপ্রকাশিত এ প্রেমের গল্প নিয়েই ছবি বানাতে যাচ্ছেন প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা। ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালী পরিচালক উজ্জ্বল চ্যাটার্জী।
মুম্বাই মিরর’কে দেওয়া সাক্ষাতকারে উজ্জ্বল বলেন, “বছর দু’য়েক আগে রবিন্দ্রনাথ ও নলিনীর প্রেমকাহিনি সম্পর্কে আমার কাছে জানতে এসেছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তাকে আমি এ বিষয়ে আমার গবেষণার কথা জানাই। আমার গবেষণাপত্র দেখে তিনি আগ্রহী হন এবং এ নিয়ে ছবি বানানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।”
এ প্রসঙ্গে মধু চোপড়া বলেন, “প্রিয়াঙ্কা বরারবই নতুন গল্প নিয়ে কাজ করতে চায়। আমিও তেমন কিছু পেলে তাকে জানাই। ‘নলিনী’র গল্পটি আমার কাছে বেশ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এর আগে এ বিষয়টি নিয়ে খুব একটা কাজ হয়নি। এ কারণেই এই গল্পটি নিয়ে আমরা কাজ করছি।”
১৮৭৮ সালে ডা. আত্মারাম পান্ডুরং তড়খড়ের মুম্বাইয়ের বাড়িতে ১৭ বছরের কিশোর রবিন্দ্রনাথের সঙ্গে দেখা হয় তার ২০ বছরে বয়েসি মেয়ে অন্নপূর্ণা তড়খড়কের। বিলেত ফেরত অন্নপূর্ণার কাছে ইংরেজি শিক্ষা লাভ করেন রবিন্দ্রনাথ। সে সময় তাদের মধ্যে এক ধরণের প্রণয়ের সম্পর্ক হড়ে উঠেছিলো বলে ধারণা করেন অনেকেই।
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকর্চার্সের ব্যানারে নির্মিত মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’।
