ওমর সানির ভোট বেড়েছে, কিন্তু ফল অপরিবর্তিত
বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের পরপরই ওমর সানির অভিযোগের ভিত্তিতে পুনরায় ভোট গণনার পর তার ভোট বেড়েছে নয়টি। কিন্তু প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগরের চেয়ে এখনও ৯৭ ভোটে পিছিয়ে থাকায় ফল অপরিবর্তিতই রয়ে গেছে।
৫ মে অনুষ্ঠিত এই নির্বাচনের ভোট গ্রহণে কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের আবেদন করেন সভাপতি পদে হেরে যাওয়া প্রার্থী ওমর সানি। তার আবেদনের ভিত্তিতে সোমবার শুরু হয় ভোট পুনঃগণনার কাজ। পুণরায় ভোট গণনা শেষে দেখা যায়, ওমর সানির ভোট ১৫৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬২-তে। এই তথ্য মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমগুলোকে জানান আপিল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু। এই সময় ওমর সানি ও মৌসুমী দুজনেই উপস্থিত ছিলেন সেখানে।
সংশোধিত ফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর ও তার দুই সহকারী। তবে প্রকাশিত সংশোধিত ফলাফলে ওমর সানির ৯টি ভোট বাড়লে তার প্রতিদ্বন্দ্বী ও বিজয়ী প্রার্থী মিশা সওদাগর ২৫৯টি ভোট পাওয়ায় নির্বাচনের ফল অপরিবর্তিতই থাকছে।
নাসিরউদ্দিন দিলু বলেন, “বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাথমিক ফলাফল ঘোষনার পরে জনাব ওমর সানী সভাপতি পদপ্রার্থী আপিল বোর্ডের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা আবারো ভোট গণনা করেছি। ভোট গণণার পরে পাওয়া গেছে ওমর সানি ৯টি ভোট বেশি পেয়েছেন।”
অন্যদিকে ফলাফল মেনে নিয়ে ওমর সানি গলমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, “আমার কারণে কিংবা মৌসুমীর কারণে সমিতি কলুষিত হবে এটাও আমি হতে দিবো না। এটা হচ্ছে কথা। যা হওয়ার তা হয়ে গেছে। এ নিয়ে আর কথা বাড়াতে চাই না। আমি অনেক শান্তি প্রিয় মানুষ।”
আগামীতে নতুন ফলাফল নিয়ে কোনো আইনি ব্যবস্থা নেবেন কি-না এমন প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরে সানি বলেন,“এখানে আমার সিনিয়ররা আছেন। আলমগীর ভাই, ফারুক ভাই, ববিতা আপা, কবরী আপা, শবনম আপা, ইলিয়াস কাঞ্চন ভাইয়েরা আছেন। তাদের কাছে ফলাফল নিয়ে যাব। তারা আমাকে যা বলবেন তাই মেনে নেব। মিশা আমার বন্ধু। আমরা সবাই একই ইন্ডাস্ট্রির। এসব নিয়ে আমি কোনো চিন্তা করি না। কেউ না কেউ তো জিতবেই।”
শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেন। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নির্বাচনের ফলাফল জানান প্রধান নির্বাচন কমিশনার। কিন্তু রোববার বিকেলে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে লিখিত আবেদন করেছেন ওমর সানি। সেই আবেদন গ্রহণ করে সোমবার দুপুরে জরুরি সভায় বসে আপীল বিভাগ। সেখানে ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার ওমর সানি তার লিখিত অভিযোগে বলেন, “নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫৫৮টি। এর মধ্যে ৮৯টি ভোট বাতিল বলে নির্বাচন বোর্ড প্রকাশ করেছে। তারপরেও মোট ফলাফল অসঙ্গতিপূর্ণ। যেমন, সভাপতি তিনজনের ভোট যোগ করলে মোট ৪৬৯টি ভোট হওয়া উচিত। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৪৫৬টি। অন্যান্য পদে প্রাপ্ত ভোটের যোগফল কোনোভাবেই বৈধ ব্যালটের সঙ্গে মিলে না। যেমন, কার্যনির্বাহীর মোট ভোট হওয়া উচিত (৫১১×১১) = ৫,৬২১টি। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৫,৬৬৫টি। তাহলে অতিরিক্ত ৪৪টি বেশি ভোট কোথা থেকে এলো? এমনকি কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মোট ভোট ৪৬৫টি, কিন্তু হওয়া উচিত ৪৬৯টি।”
তার লিখিত আবেদনে তিনি আরও বলেন, “সমিতির সভাপতি শাকিব খান পদাধিকার বলে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের ভোট গণনার সময় জোরপূর্বক তাকে অফিস থেকে বের করে দেওয়া যা কোনোভাবেই কাম্য ছিলো না। বিকেলের দিকে অনেক শিল্পী ভোটার বিভিন্ন বাঁধার মুখে এফডিসিতে প্রবেশ না করতে পেরে ভোট না দিয়েই ফেরত চলে গেছেন। আমি মনে করি একটি পক্ষ নিজ স্বার্থে নির্বাচন বোর্ডকে প্রভাবিত করেছে। এ অবস্থায় এরকম অসঙ্গতিপূর্ণ ফলাফলে সম্পূর্ণ কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে বলে এ ফলাফল বাতিল তথা নির্বাচন বাতিল করার আবেদন করছি।”
শনিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানি পেয়েছেন ১৫৩ ভোট। অপরদিকে ২৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। মোট ৬২৪ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট প্রদান করেছেন ৫৫৮ জন ভোটার।
তবে বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল নোটিশ বোর্ডে টানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর ।
