২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তকে না বললেন বিদ্যা বালন?

সাহিত্যিক কমলা দাস-এর বায়োপিকের পর এবার রজনীকান্ত’র পরবর্তী সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 07:28 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

দক্ষিণী মহাতারকা রজনীকান্ত’র পরবর্তী সিনেমা ‘থালাইভার ১৬১’র প্রধান নারীচরিত্রের জন্য ভাবা হচ্ছিল প্রথম সারির কোনো বলিউডি অভিনেত্রীর কথাই। প্রথমে দীপিকা পাড়ুকোন-এর কথা শোনা গেলেও পরে জানা যায় এক্ষেত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন বিদ্যা বালনই।

বিদ্যা’র নিজের তরফ থেকেও মিলেছিল ইতিবাচক সাড়াই। বলেছিলেন, “শিগগিরই এব্যাপারে জানাবো”। কিন্তু জুন মাস থেকেই শুটিং শুরু হওয়ার অপেক্ষায় থাকা সিনেমাটির নির্মাতারা বলছেন, নায়িকা এখনও চূড়ান্ত করেননি তারা। তবে কি রজনীকান্তকেও না বলে দিলেন বিদ্যা?

চলতি বছরের শুরুতেই বিদ্যা বালন সমালোচিত হয়েছিলেন বিতর্কিত সাহিত্যিক কমলা দাস-এর জীবনীনির্ভর সিনেমা ‘আমি’ থেকে বেরিয়ে এসে। চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়ে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরও এ থেকে সরে আসেন, কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই। ধারণা করা হয়, ভারতের ডানপন্থি দলগুলোর চাপেই সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়েছিলেন বিদ্যা। ‘আমি’তে এখন অভিনয় করছেন মঞ্জু ওয়ারিয়ের।

কেরালায় বেড়ে ওঠার পরও কেরিয়ারে এখনও পর্যন্ত কোনো দক্ষিণী সিনেমায় অভিনয় করেননি বিদ্যা বালন। ‘আমি’কাণ্ডের পর সবাই ভেবেছিলেন রজনীকান্তের বিপরীতে দক্ষিণে রাজসিক অভিষেক হবে তার। কিন্তু সেটাও বোধহয় হলো না আর।

পা রঞ্জিত-এর নির্দেশনায় ‘থালাইভার ১৬১’র প্রযোজনা করছেন রজনীকান্ত’র জামাতা ধনুষ। ২০১৮ তে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।