হাজার কোটি’র ক্লাবে ‘বাহুবলী টু’
ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাহুবলী টু’ এবার প্রবেশ করলো হাজার কোটি’র ক্লাবে। ভারতের প্রথম সিনেমা হিসেবে এক হাজার কোটি রুপি আয়ের গৌরব অর্জন করেছে এই সিনেমাটি ।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন এই খবর। তিনি লিখেছেন, “ভারতে ৮০০ কোটি আর ভারতের বাইরে ২০০ কোটির বেশি, সবমিলিয়ে ‘বাহুবলী টু’ ভারতের প্রথম হাজার কোটি রুপির বেশি আয়ের সিনেমায় পরিণত হয়েছে।”
২৮ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি সাত দিনের মাথাতেই ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা হওয়ার রেকর্ড গড়ে। ভেঙে দেয় আমির খান অভিনীত ‘পিকে’র ৭৯২ কোটি রুপি আয়ের রেকর্ড।
সিনেমার এমন সাফল্যে দারুণ খুশি এর প্রধান অভিনেতা প্রভাস। নিজের ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে লেখা এক পোস্টে তিনি বলেন, “আমার সকল ভক্ত এবং বন্ধুদের আমার তরফ থেকে বিশাল এক আলিঙ্গন। আমি আমার তরফ থেকে আমার সর্বোচ্চটা দিয়েছি এবং এর বিনিময়ে ভারতের বিভিন্ন প্রান্ত এবং বাইরে থেকে আপনারা আমার প্রতি যেভাবে ভালোবাসা বর্ষণ করেছেন, তা সত্যিই অকল্পনীয়। ‘বাহুবলী’র সঙ্গে সম্পৃক্ততা ছিল দীর্ঘদিনের এবং আপনাদের ভালোবাসাই এর থেকে আমার সবচেয়ে বড় পাওয়া।”
নির্মাতা এস.এস রাজামৌলিকেও এসময় ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
প্রভাস লিখেছেন, “রাজামৌলি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য যে আমিও এই বিরাট ভারবহনের যোগ্য। আপনি আমাকে বাহুবলী’র মতো এক চরিত্রে সুযোগ দিয়েছেন, যা জীবনে একবারই আসে।”
প্রভাস ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রানা দগ্গুবতী, সত্যরাজ, রম্য কৃষ্ণাণ, আনুশকা শেঠি ও তামান্না।
