২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জন্মজয়ন্তীতে আজীবন সম্মাননা পাচ্ছেন মিতা হক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তীতে আজন্ম সম্মাননা পেতে যাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2017, 06:45 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

চ্যানেল আই প্রাঙ্গণে আগামীকাল (৮ মে, ২৫ বৈশাখ) অনুষ্ঠিত হবে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা ’১৭। মেলায় প্রতিবছর রবীন্দ্র সংগীতশিল্পী অথবা রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে চ্যানেল আই। এবার এ সম্মাননা পাচ্ছেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক। মেলায় এ ব্যক্তিত্বের হাতে সম্মাননাপত্র, ক্রেষ্ট ও অর্থমূল্য তুলে দিবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা।

এবারের মেলা শুরু হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অংশ নেবেন- রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দসহ চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। মেলার স্থানের খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, রবীন্দ্র বিষয়ক ছবি আঁকা ইত্যাদি।

মেলায় গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, লিলি ইসলাম, শামা রহমান, অনিমা রায় প্রমুখ। মেলার স্টলগুলোতে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্র সংগীতের অডিও ভিডিও ও রেকর্ড কাভার প্রদশর্নী, রবীন্দ্র গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্রের ষ্টল ইত্যাদি। আরো থাকবে বাংলার ঐতিহ্যসমৃদ্ধ রকমারি পণ্য সামগ্রীর স্টল।

আয়োজকরা জানান, মূলত রবীন্দ্রনাথের বহুমুখী চিন্তার প্রকাশ ঘটাবে এই মেলা। ইতোপূর্বে ‘রবীন্দ্রমেলা’ সম্মাননা পেয়েছেন কলিম শরাফী, অজিত রায়, ড. সনজীদা খাতুন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, ফাহমিদা খাতুন, আতাউর রহমান, ড. আনিসুজ্জামান এবং ড. আহমদ রফিক।

মেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।