লোকার্নোর ওপেন ডোরস হাবে নির্বাচিত রুবাইয়াতের নতুন ছবি
বিশ্বখ্যাত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস হাব এ নির্বাচিত হলো বাংলাদেশী নির্মাতা রুবাইয়াত হোসেনের নির্মিতব্য চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’।
দক্ষিণ-পূর্ব এশিয়ার যে দেশগুলোতে বড় প্রযোজনা সংস্থার বাইরে ইন্ডিপেনডেন্ট বা মুক্ত ছবির চর্চা নেই বললেই চলে, সেসব দেশের সিনেমা ও নির্মাতাদের সহায়তার জন্যই এখন কাজ করছে ওপেন ডোরস। গতবছর ওপেন ডোরস হাবে নির্বাচিত হয়েছিলো বাংলাদেশী নির্মাতা ইশতিয়াক জিকো ও কামার আহমাদ সাইমনের দুটি চলচ্চিত্র। এ বছর এ প্রকল্পে দক্ষিণ এশিয়ার আরও সাতটি দেশের সঙ্গে জায়গা করে নিলো বাংলাদেশের রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’।
নির্বাচিত চলচ্চিত্রগুলো ইওরোপিয়ান প্রযোজক তথা পেশাদারদের সামনে যৌথ প্রযোজনার উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে এর সমন্বয় ও পরিবেশনের সহযোগিতার জন্য উপস্থাপন করা হবে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে বিজয়ী চলচ্চিত্রটি পাবে ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশী মুদ্রায় ৪০ লাখ টাকার বেশি)। বাংলাদেশ ছাড়া এ বছর আফগানিস্থান, পাকিস্তান, নেপালের সাতটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এ প্রকল্পে।
একজন মধ্যবিত্ত নারী ও পোষাক শ্রমিকের মর্মগাথা নিয়ে গতবছর মুক্তি পায় রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডারকন্সস্ট্রাকশান’ চলচ্চিত্রটি। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘মেড ইন বাংলাদেশ’ নামের নতুন চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিও নির্মিত হতে যাচ্ছে পোষাক শ্রমিকদের দুঃখগাথা নিয়ে।
নির্মাতা জানান, ২০১১ সালে তাজরিন গার্মেন্টস দুর্ঘটনা ও ২০১২ সালে রানা প্লাজা ধ্বসের ঘটনার বিরূপ প্রতিক্রিয়া তাকে এ বিষয়ে চলচ্চিত্র নির্মাণে প্ররোচিত করেছে। তিনি বলেন,“ ‘মেড ইন বাংলাদেশ’ এমন একজন তরুণীর গল্প যাকে পুঁজিবাদ, বামরাজনীতি ও ইসলামিকরণের চাপের ভেতর নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়েছে ।”
গতবছর লোকার্নোতে বাংলাদেশি দুই নির্মাতার সঙ্গে কর্মশালার সুযোগ পান রুবাইয়াত হোসেনও। এবার ওপেন ডোরস হাবে নির্বাচিত হওয়ায় খুশি এ নির্মাতা। বললেন, “ভালো লাগছে। উৎসাহব্যঞ্জক। গতবছর খুব ভালো এক্সপেরিয়েন্স ছিলো লোকার্নোতে। অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। এবং এটা ভালো যে নতুন একটি প্রজেক্ট নিয়ে আবার ফেরা হলো।”
