২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন ডেভিড লিঞ্চ?

মার্কিন নির্মাতা ডেভিড বড়পর্দার জন্য আর সিনেমা বানাবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 09:29 PM

Updated : 11 Apr 2022, 11:31 PM

সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া ওই সাক্ষাৎকারে লিঞ্চ বলেছেন এখনকার সময়ে মানসম্পন্ন সিনেমা দর্শক গ্রহণ করছে না। অন্যদিকে, যেসব সিনেমা দর্শক গ্রহণ করছে সেসব সিনেমা তিনি তৈরি করতে রাজি নন।

৭১ বছর বয়সী এই নির্মাতা বলেন, “অনেক কিছুই বদলে গেছে। অনেক সিনেমা আছে বক্স অফিসে যেগুলো ভালো করছে না, অথচ সেগুলো আসলে ভালো সিনেমা ছিল। আর যেসব ছবি বক্স অফিসে ভালো করছে, সেধরণের ছবি আমি আর এখন বানাতে চাই না।”

সিডনি মর্নিং হেরাল্ড-এর তরফ থেকে তখন ২০০৬-এর ‘ইনল্যান্ড এম্পায়ার’ই এই নির্মাতার শেষ সিনেমা কিনা, জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ; এটাই শেষ।”

‘দ্য এলিফ্যান্ট ম্যান’, ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘ব্লু ভেলভেট’-এর মতো বিখ্যাতসব সিনেমার নির্মাতা ডেভিড লিঞ্চ তিনবার পেয়েছেন অস্কার মনোনয়ন। নিজের দেশের সর্বোচ্চ সম্মান কখনও জিততে না পারলেও ফরাসি সরকার তাকে ভূষিত করেছে তাদের সর্বোচ্চ বেসামরিক পদক লিজিয়ন অফ অনার দিয়ে। এছাড়াও ফ্রান্সের সিজার অ্যাওয়ার্ডস-এ তার সিনেমা দুবার পেয়েছে সেরা বিদেশী ভাষার সিনেমার পুরস্কার। কান চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্বর্ণপাম এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্বর্ণসিংহ পুরস্কার।

বড়পর্দার মতো ছোটপর্দাতেও লিঞ্চ রেখেছেন তার প্রতিভার ছাপ। নব্বইয়ের দশকের সাড়া জাগানো ক্রাইম থ্রিলার ‘টুইন পিকস’-এর জনক তিনি। লিঞ্চ-ভক্তদের জন্য একমাত্র আশার বাণী হল, বড়পর্দা ছাড়লেও, ‘টুইন পিকস’-এর সিকুয়েল নিয়ে ছোটপর্দায় শিগগিরই ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।