২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনেও হিট ‘দঙ্গল’!

ভারতের পর এবার চীনে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করছে আমির খান অভিনীত সিনেমা ‘দঙ্গল’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2017, 04:21 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

‘থ্রি ইডিয়টস’-এর সুবাদে আগ থেকেই চীনে জনপ্রিয় ভারতের অভিনেতা আমির খান। এরপর তার অভিনীত ‘পিকে’ও মুক্তি পায় চীনে। এটিই প্রথম হিন্দি সিনেমা যা চীনে একশ কোটি রুপি আয় করে।

চীনজুড়ে সাত হাজারটি হলে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। যদিও চীনের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান ওয়ান্ডা সিনেমাজ নিতেশ তিওয়ারির ছবিটিকে বর্জন করে।

সিনেমা মুক্তির আগে আমির নিজে বেইজিং, শাংহাই এবং চ্যাংডুতে গিয়ে নিজের সিনেমার প্রচার চালান।

চীন সারাবছরে ৪৫ টি বিদেশী সিনেমা মুক্তির অনুমতি দেয়। এই কোটায় সাধারণত হলিউডি সিনেমার আধিপত্যের থাকলেও সম্প্রতি সেখানে বাড়ানো হয়েছে ভারতীয় সিনেমা মুক্তির কোটা। আগে যেখানে বছরে দুটি সিনেমা মুক্তি দেওয়া হত চীনে, সেখানে এখন থেকে মুক্তি পাবে চারটি ভারতীয় সিনেমা। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো দুই সিনোমা ‘কুংফু ইয়োগা’ এবং ‘বাডিজ ইন ইন্ডয়া’ চীনে ভালো ব্যবসাও করেছে।

ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগতের আত্মজীবনীমূলক সিনেমা ‘দঙ্গল’-এর কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান। সিনেমাটি ছিল ২০১৬ সালের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। সবমিলিয়ে ৭৫২ কোটি রুপি আয় করে সিনেমাটি।