২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিলেন অনন্ত জলিল ও বর্ষা

শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন। সকাল ৯টা থেকে শিল্পী সমিতিতে শুরু হয় ভোটগ্রহণ। যা বিকেল সাড়ে ৫টায় শেষ হয়েছে । আজকের এই ভোট উপলক্ষ্যে সকাল থেকে বিএফডিসিতে ভোট দিতে আসতে থাকেন ঢালিউডের জনপ্রিয় সব তারকারা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 09:04 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

শিল্পী সমিতির নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দুপুর ১২টার দিকে বিএফডিসি প্রবেশ করেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এসময় তারা বিএফডিসিতে ব্যক্তিগত লাল রঙের গাড়িতে চেপে প্রবেশ করেন। তাদের উপস্থিতিতে বিএফডিসি চত্বরে উল্লাস করে তাদের সহকর্মী ও ভক্তরা।

বেশ উৎসব ‍মুখর পরিবেশেই ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসেন তারা। সেই সময় সহকর্মী ও ভক্তদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন এই তারকা দম্পতি।

গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন,“ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। অনেকদিন পরে আজ বিএফডিসিতে এসেছি। নির্বাচনে যারাই জয়ী হবেন তারা আমাদের শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবেন বলে আমার প্রত্যাশা।”

তবে এই ফাঁকে ভক্তদের জন্য এক টুকরো সুখবরও শোনালেন ঢালিউডের এই আলোচিত নায়ক। বলেন,“খুব শীঘ্রই ‘সৈনিক’ ও ‘দ্য স্পাই’ সিনেমাদুটো নির্মাণ করতে যাচ্ছি। আগামীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু জানাবো।”

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। প্যালেন তিনটি হচ্ছে- ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন।