শিল্পী সমিতির নির্বাচনে ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন শেষে চলছে ভোট গণনা। এবারের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার জানালেন।
শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন। সকাল ৯টা থেকে শিল্পী সমিতিতে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয়েছে বিকেল সাড়ে ৫টায় । নির্বাচনের পুরো সময় জুড়ে বিএফডিসির প্রাঙ্গণ ও প্রবেশপথ ছিলো নিরাপত্তাকর্মীদের নিরাপত্তার চাদরে ঢাকা।
নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনটি প্যানেল। মোট ৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন এই নির্বাচনে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৪ জন। নির্বাচনে অংশ নেওয়া প্রথম প্যানেলের সভাপতি পদপ্রার্থী ওমর সানি, সাধারণ সম্পাদক অমিত হাসান। দ্বিতীয় প্যানেলের সভাপতি পদ প্রার্থী মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। তৃতীয় প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড্যানি সিডাক ও সাধারণ সম্পাদক ইলিয়াস কোবরা।
দিনভর নির্বাচনে ছিলো ভোটারদের সরব উপস্থিতি। যার কিছুটা আভাস পাওয়া গিয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবরের কথায়।
শিল্পী সমিতির ভোট উপলক্ষ্যে সারাদিন এফডিসিতে ছিল তারকাদের মিলন মেলা। সেখানে ভোট কেন্দ্রের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন ওমর সানি, ফেরদৌস, মিশা সওদাগর, অমিত হাসান, রিয়াজ, সাইমন সাদিক, নীরব, ইমন, পপি, বাপ্পী চৌধুরী, মৌসুমী, পূর্ণিমা, ড্যানি সিডাক, জায়েদ খানসহ আরো অনেক তারকাশিল্পীরা।
