বাংলাদেশি নির্মাতার ‘অপেশাদারি আচরণে’ চটলেন প্রিয়ঙ্কা
বাংলাদেশের নির্মাতা রফিক শিকদারের বিরুদ্ধে ‘অপেশাদারি আচরণে’র অভিযোগ আনলেন কলকাতার অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। প্রিয়ঙ্কাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপার স্বীকার করলেও পাল্টা অভিযোগ জানালেন নির্মাতাও।
চলতি বছরের মার্চ মাসের ৭ তারিখে রফিক শিকদার-এর পরিচালনায় চিত্রনায়ক নীরবের বিপরীতে ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য দেশে আসেন টালিগঞ্জের অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। ৯ তারিখ থেকে মাঝে তিনদিনের বিরতিতে ২৬ তারিখ পর্যন্ত চলচ্চিত্রটির শুটিংয়ে বাংলাদেশে অবস্থান করেন তিনি। চলচ্চিত্রটির নব্বই ভাগ কাজ সমাপ্ত করে ২৭ তারিখ ফিরে যান কলকাতায়।
এইসময়ের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে রফিক-এর তাকে ‘কাজের সঙ্গে সম্পর্কহীন’ বার্তা পাঠানো শুরু বলেই অভিযোগ করেন প্রিয়ঙ্কা। একপর্যায়ে রফিক তাকে বিয়ের প্রস্তাবও পাঠান বলে দাবি করেন তিনি। দাবির সপক্ষে প্রমাণ স্বরূপ হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে তাদের কথোপকথনের স্ক্রিনশট ফেইসবুকে প্রকাশ করেন প্রিয়ঙ্কা।
এ বিষয়ে নিজের ফেইসবুক পেইজে দেওয়া একটি পোস্টে প্রিয়ঙ্কা লিখেছেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই ছবির পরিচালক রফিক শিকদার চূড়ান্ত অপেশাদার একজন মানুষ। সেখানে গিয়ে বুঝতে পারি শ্যুটিং এগোচ্ছে ধীর গতিতে। বাংলাদেশের শিডিউল শেষ হলেও আমার সিনগুলো শেষ করতে পারেননি পরিচালক উনারই পেশাদারিত্বের অভাবে। অকারণেই উনি শুটিং-এর সময় আমার সাথে কাজের বাইরে অন্যান্য বিষয় নিয়ে গল্প করতে চাইতেন।”
এদিকে এ প্রসঙ্গে নির্মাতা রফিক শিকদারের কাছে জানতে চাইলে প্রিয়াংকা সরকারের বিরুদ্ধেও অপেশাদারী আচরণের অভিযোগ তোলেন তিনি। গ্লিটজকে তিনি বলেন, “ও মানসিকভাবে খুব অস্থির প্রকৃতির ছিলো। অকারণেই ক্ষেপে যেতো। শুটিং চলাকালীন সবার সামনেই ডিরেক্টর হওয়ার পরও আমাকে গালি দিয়ে বসতো। একবার তো চায়ের কাপও ছুঁড়ে মেরেছিলো।”
নির্মাতা রফিক শিকদার জানান, বর্তমানে তার ছবির কাজ আরও দশ শতাংশ বাকি আছে। প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে অবশিষ্ট কাজটুকু সমঝোতার ভিত্তিতে করে নেওয়ার বদলে বর্তমান পরিস্থিতিতে পুরো ছবি থেকেই তাকে বাদ দিতে যাচ্ছেন এ নির্মাতা। তাকে নিয়ে চিত্রায়িত অংশটুকু নতুন নায়িকার মাধ্যমে চিত্রায়িত করতে চান তিনি।
নীরব-প্রিয়াঙ্কা ছাড়াও এতে আরও অভিনয় করেন কাজী হায়াৎ, রজতাভ দত্ত, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ। সংগীত পরিচালনা করছেন বেলাল খান, ইমরান ও আহমেদ ইমন।
