২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে ফিরছেন সুনীল গ্রোভার

কৌতুকাভিনেতা সুনীল গ্রোভারকে আবারও দেখা যাবে টিভি পর্দায়। রিয়ালিটি শো ‘সবসে বড় কলাকার’-এ তিনি ফিরছেন চন্দন প্রভাকর ও আলি আসগরকে সঙ্গে নিয়েই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 08:24 PM

Updated : 11 Apr 2022, 11:30 PM

৭ মে প্রচারের অপেক্ষায় থাকা ‘সবসে বড়া কলাকার’-এর পর্বটিতে সুনীল গ্রোভারকে দেখা যাবে তার চিরচেনা ডক্টর মশহুর গুলাটির চরিত্রে। আলি আসগর ও চন্দন প্রভাকরও ফিরবেন স্বীয় চরিত্রগুলোতে।

কপিল শর্মা’র সঙ্গে ঝগড়ার সূত্র ধরে তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে গিয়েছিলেন সুনীল গ্রোভার। এরপর থেকে অনুষ্ঠানটির জনপ্রিয়তা অনেকখানি কমে যায়। গুজব ছড়িয়ে পড়েছিল, টিআরপি রেটিং কমে যাওয়ায় ‘দ্য কপিল শর্মা শো’ বাতিল করে এর স্থানে সালমান খান-এর ‘দশ কা দম’ অনুষ্ঠানটি ফিরিয়ে আনতে চায় সনি কর্তৃপক্ষ। তবে এখনও সেরকম কিছু না হলেও সুনীলকে ছাড়া ‘দ্য কপিল শর্মা শো’ কতদিন টিকবে- সে নিয়ে সন্দেহ আছে অনেকেরই।

কপিলকে ছেড়ে আসার পর থেকেই কবে টিভিতে ফিরবেন সুনীল- গণমাধ্যমের এই প্রশ্নের উত্তর সবসময় এড়িয়ে গেছেন তিনি। এবারে টুইটারে জানালেন সুসংবাদ। রবীনা ট্যান্ডন, বোমান ইরানি ও আরশাদ ওয়ার্সি’র উপস্থাপনায় রিয়ালিটি শো ‘সবসে বড়া কলাকারে’ই ফিরছেন তিনি।

অনুষ্ঠানটির পোস্টারের পাশাপাশি শুটিঙের বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেখানে রবীনা’র সঙ্গে ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানের সঙ্গে তাল মেলাতেও দেখা গেছে মশহুর গুলাটিরূপি সুনীলকে।

‘সবসে বড়া কলাকার’ ছাড়াও চন্দন আর আসগরকে নিয়ে ‘দ্য কমেডি ফ্যামিলি’ নামের একটি লাইভ অনুষ্ঠানে অংশ নিতে আহমেদাবাদ যাবেন সুনীল।